আবৃত্তি মঞ্চের আবৃত্তির ছন্দে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পালকি চলে! পালকি চলে! গগন-তলে আগুন জ্বলে’ সত্যেন্দ্রনাথ দত্তের ‘পালকির গান’ যেন প্রাণ পেল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আবৃত্তি মঞ্চের নবীন শিক্ষার্থীদের কণ্ঠে। উপস্থিত দর্শক-শ্রোতাদের সঙ্গে নবীন আবৃত্তিশিল্পীদের এক ধরনের সেতুবন্ধনই তৈরি করল এই কবিতা। আর নবীনেরা জানান দিলেন, কবিতার অঙ্গনে পা রাখার জন্য সব প্রস্তুতি সাঙ্গ হয়েছে।
৩ ফেব্রুয়ারি সন্ধ্যায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আবৃত্তি মঞ্চের অষ্টাদশ আবর্তনের শিক্ষার্থীরা এভাবে মাতিয়ে তোলেন জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তন। অনুষ্ঠান সাজানো হয়েছিল একক, দ্বৈত ও সমবেত আবৃত্তি এবং কথামালা দিয়ে। উদ্বোধন করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ইফতেখার উদ্দিন চৌধুরী, সভাপতিত্ব করেন দর্শন বিভাগের সহকারী অধ্যাপক মাছুম আহমেদ।
আবৃত্তির আসরের প্রথমে পর্বে রাবিয়া বানু ‘দেশলাইয়ের কাঠি’, মোহতামীম নাঈম ‘অমলকান্তি’, ফজলে এলাহী ‘মাতৃভূমির জন্য’, রিয়াজুল কবির ‘বাংলাটা ঠিক আসে না’ এবং ফারুক তাহের ‘ফাঁসির মঞ্চ থেকে’ আবৃত্তি করে শোনান।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে ‘সত্যেন্দ্রনাথ দত্তের ‘পালকির গান’ কবিতাটি পরিবেশন করা হয় সমবেত কণ্ঠে।
তৃতীয় পর্বে দ্বৈত আবৃত্তি করেন নুর আক্তার, মাসুম বিল্লাহ, হাসান তারেক ও প্রীতু আহমেদ। অনুষ্ঠানের শেষ পর্বে রণজিৎ রক্ষিত শোনান ‘স্বপ্নহীন নির্ঘুম রাত’ ও ‘বোঝাপড়া’ কবিতা দুটি। এরপর ‘পৃথিবী জোড়া গান’ পাঠ করেন দেবাশীষ রুদ্র।