আবৃত্তি সংগীত আলোচনায় মানবতার জয়গান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে, এ জীবন পুণ্য করো...’ রবীন্দ্রনাথের এই গানের সঙ্গে প্রদীপ প্রজ্বালন করে অন্ধকার দূর করার আহ্বান জানালেন জাতীয় রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদ বরিশালের শিল্পীরা।

‘সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই’ শীর্ষক এই মানবতা ও সম্প্রীতি সম্মেলনে আবৃত্তি, আলোচনা, নৃত্য ও সংগীতে বিশ্ব মানবতার কথা উঠে আসে।

গত বৃহস্পতিবার সন্ধ্যায় বরিশাল নগরের অশ্বিনীকুমার হলে প্রদীপ প্রজ্বালন করে সম্মেলনের উদ্বোধন করেন বরিশাল মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মু. জিয়াউল হক।

সম্মেলনে বক্তারা বলেন, মানুষে মানুষে সম্প্রীতি না থাকলে পৃথিবী বাসযোগ্য হতে পারে না। পরস্পরের অন্তরের সুপ্ত মনুষ্যত্বের বোধকে উদ্দীপ্ত করে শান্তির পরিবেশ গড়ে তুলতে হবে। মানুষকে শান্তি আর সম্প্রীতির পথে আনার জন্য কবিতা, গান, নাটক নিয়ে যেতে হবে জনসমাজের কাছে। সংস্কৃতির জন্য সংস্কৃতি নয়, মনুষ্যত্বের উজ্জীবনের জন্য দায় নিতে হবে। সব ধর্মের মর্মবাণী হচ্ছে মানবতার জয়। তাঁরা আরও বলেন, মানুষে মানুষে বিভেদ কোনো সভ্যতা হতে পারে না। বাঙালি সংস্কৃতির ইতিহাস হচ্ছে সম্প্রীতির নিদর্শন। আমাদের জাতিসত্তার কোথাও সাম্প্রদায়িকতা নেই। সুস্থ রাজনীতি ও সংস্কৃতি চর্চাই আমাদের সাম্প্রদায়িকতা থেকে মুক্ত রাখতে পারে।

জাতীয় রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদ বরিশাল শাখার সভাপতি নজরুল ইসলাম চুন্নুর সভাপতিত্বে সম্মেলনে প্রদীপ প্রজ্বালন ও আলোচনায় সাংস্কৃতিক ব্যক্তিত্ব মানবেন্দ্র বটব্যাল, বরিশাল সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদের সভাপতি এস এম ইকবাল, শিশু সংগঠক জীবন কৃষ্ণ দে, প্রবীণ চিকিৎসক সৈয়দ হাবিবুর রহমান, কবি ও ছড়াকার তপংকর চক্রবর্তী প্রমুখ অংশ নেন। আলোচনার পর রবীন্দ্রনাথ ঠাকুর, দ্বীজেন্দ্রলাল রায়, কাজী নজরুল ইসলাম ও মুকুন্দ দাসের গান পরিবেশন করেন জাতীয় রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদের শিল্পীরা। আবৃত্তি করেন ব্রজমোহন কলেজের অধ্যক্ষ স ম ইমানুল হাকিম ও সহকারী অধ্যাপক সঞ্জয় সাহা। রাত ১০টায় জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে শেষ হয় এই সম্মেলন।