চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আবৃত্তিমঞ্চের যুগপূর্তি উপলক্ষে দুই দিনব্যাপী উৎসব গতকাল শনিবার শুরু হয়েছে। বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদ মিলনায়তনে অনুষ্ঠিত এ উৎসবের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আনোয়ারুল আজিম আরিফ।প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, ‘কবিতা শাশ্বত সুন্দরের কথা বলে, জীবন ও সমাজের কথা বলে। তাই কবিতা ও আবৃত্তি শিল্প-সাহিত্য জগতের অন্যতম শিল্পমাধ্যম। আমাদের মহান মুক্তিযুদ্ধে কবিদের কবিতা মুক্তিকামী বাঙালিদের অনুপ্রাণিত করেছে।’উদ্বোধনী অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য মো. আলাউদ্দিন, সমাজবিজ্ঞান অনুষদের ডিন হোসাইন কবির, শহীদজায়া মুশতারী শফি, আবৃত্তিশিল্পী শিমুল মুস্তাফা। বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের সহকারী অধ্যাপক ও সংগঠনের উপদেষ্টা মাছুম আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন কণা দাশ। অনুষ্ঠানে শহীদজায়া বেগম মুশতারী শফিকে আবৃত্তিমঞ্চ সম্মাননা-২০১২ দেওয়া হয়। সম্মাননা হিসেবে তাঁর হাতে ক্রেস্ট তুলে দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য।