স্থানীয় সরকার নির্বাচনে আবেগকে ‘প্রশ্রয়’ না দিতে ভোটারদের প্রতি আহ্বান জানিয়েছেন চট্টগ্রামে আওয়ামী লীগ-সমর্থিত মেয়র প্রার্থী আ জ ম নাছির উদ্দিন। গতকাল সোমবার গণসংযোগে ভোটারদের উদ্দেশে তিনি বলেন, সিটি করপোরেশন দলীয় নির্বাচন নয়। তাই সব ধরনের আবেগ বিসর্জন দিয়ে যোগ্য প্রার্থীকে নির্বাচিত করা উচিত।’
এই মেয়র পদপ্রার্থী বলেন, ‘আপনারা আবেগকে প্রশ্রয় না দিয়ে বিবেককে জাগ্রত করুন। বিবেকের তাড়নায় ভোট দিয়ে আমাকে একবার মেয়র হওয়ার সুযোগ দিন। নির্বাচিত হলে আমি সিটি করপোরেশনের কার্যক্রম পরিচালনা করব দলীয় প্রভাবমুক্ত রেখে।’
গতকাল সকাল সাড়ে ১০টায় গণসংযোগে বের হন আওয়ামী লীগ-সমর্থিত নাগরিক কমিটির মেয়র পদপ্রার্থী আ জ ম নাছির উদ্দিন। ফিরিঙ্গিবাজার, রিয়াজউদ্দিন বাজার, চার্চ রোড, ইকবাল রোড, বংশাল রোড, ইয়াকুবনগর, ব্রিজঘাটা রোড, চেয়ারম্যান ঘাটা, এ বি দাশ লেন, অভয় মিত্রঘাট রোড, কবি কাজী নজরুল ইসলাম সড়ক, আলকরণ রোড, সদরঘাট রোড, অমর চাঁদ রোড, স্টেশন রোড এলাকায় গণসংযোগ করেন তিনি। এ সময় স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীরা তাঁর কাছে বিভিন্ন সমস্যা ও দাবি তুলে ধরেন। নাছির মেয়র নির্বাচিত হলে এসব সমস্যা সমাধানে কাজ করবেন বলে তিনি আশ্বাস দেন।
সদ্য বিদায়ী মেয়র মনজুর আলমের সমালোচনা করে নাছির বলেন, ‘সাবেক মেয়র আপনাদের কাছে এখন আবার ভোট চাইতে আসছেন। যেসব কথা বলে গতবার আপনাদের সহানুভূতি আদায় করেছেন, সেই কথা কি তিনি রেখেছেন? আমি কথা দিচ্ছি, ভোট চাইতে আপনাদের কাছে যেভাবে এসেছি, তেমনি মেয়র হওয়ার পর আপনাদের দুঃখ-দুর্দশায় আপনাদের পাশে থাকব।’
গণসংযোগের সময় নাছিরের সঙ্গে ছিলেন সাবেক সাংসদ নুরুল ইসলাম বিএসসি, নগর আওয়ামী লীগের সহসভাপতি খোরশেদ আলম সুজন, দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান।
প্রচারণায় বাধা: এদিকে গতকাল সকালে চট্টগ্রাম কলেজের আশপাশে চিকিৎসকেরা আ জ ম নাছির উদ্দিনের পক্ষে গণসংযোগ করতে গেলে তাঁদের বাধা দেওয়া হয়। চট্টগ্রাম কলেজের কিছু ছাত্র তাঁদের বাধা দেয়। এ নিয়ে চিকিৎসকদের সঙ্গে তাদের বাগ্বিতণ্ডা হয়।
এ বিষয়ে নগর আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যাবিষয়ক সম্পাদক ফয়সল ইকবাল চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘আমরা কয়েকজন চিকিৎসক চট্টগ্রাম কলেজ ক্যাম্পাসের আশপাশের বিভিন্ন বাড়িতে গণসংযোগ করছিলাম। কলেজ ক্যাম্পাসের ভেতর দিয়ে যাওয়ার সময় ছাত্রশিবিরের কিছু ছেলে আমাদের বাধা দেয়। তখন তাদের সঙ্গে আমাদের বাগ্বিতণ্ডা হয়। রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে এ বিষয়ে লিখিত অভিযোগ দেওয়া হবে।’