আবেগঘন একটি দিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বুয়েট খেলার মাঠে গতকাল গ্র্যান্ড রি–ইউনিয়ন ২০১৭ উদ্বোধন করেন প্রতিষ্ঠানটির প্রাক্তন শিক্ষার্থীরা l ছবি: প্রথম আলো
বুয়েট খেলার মাঠে গতকাল গ্র্যান্ড রি–ইউনিয়ন ২০১৭ উদ্বোধন করেন প্রতিষ্ঠানটির প্রাক্তন শিক্ষার্থীরা l ছবি: প্রথম আলো

কেউ তাঁর কাছের বন্ধু-সহপাঠীর দেখা পেয়েছেন কয়েক যুগ পরে। কারও ক্ষেত্রে ব্যবধান কয়েক বছর। অথচ দেখা হতেই পরস্পরের উষ্ণ আলিঙ্গন মিলিয়ে দিল সময়ের ভেদরেখা। মুহূর্তেই তাঁরা ফিরে গেলেন বিশ্ববিদ্যালয়ের সোনালি দিনগুলোতে।
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) প্রায় চার হাজার প্রাক্তন শিক্ষার্থীকে পুনর্মিলনের এই সুযোগ তৈরি করে দেয় অ্যাসোসিয়েশন অব বুয়েট অ্যালামনাই আয়োজিত গ্র্যান্ড রি-ইউনিয়ন ২০১৭। গতকাল শুক্রবার বুয়েট খেলার মাঠে অনুষ্ঠিত এই মহা পুনর্মিলনীতে হাজির ছিলেন বুয়েটের প্রথম ব্যাচের শিক্ষার্থী থেকে সদ্য পাস করা শিক্ষার্থী ও তাঁদের পরিবারের সদস্যরা। দিনভর উৎসবমুখর পরিবেশে খেলাধুলা, সাংস্কৃতিক অনুষ্ঠান, র্যাফল ড্র, আড়ম্বরপূর্ণ নৈশভোজসহ নানা আয়োজনের মধ্য দিয়ে তাঁরা পার করেন স্মৃতিময় আরেকটি দিন। সকালে ঢাকার ঐতিহ্যবাহী নাশতার মধ্য দিয়ে শুরু হয় দিনব্যাপী আয়োজন। উদ্বোধনী অনুষ্ঠানে বিশ্বসাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ এই পুনর্মিলনীর তাৎপর্য তুলে ধরে বলেন, ‘শৈশবের কাছে ফিরতে চাওয়া মানে জীবনের কাছে ফিরতে চাওয়া। কিন্তু সহসা আমরা ফিরতে পারি না বলেই ফেরার জন্য এত আকুতি। এত স্মৃতিকাতরতা।’
অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ ছিলেন বুয়েটের একজন খণ্ডকালীন শিক্ষক। নিয়মিত পঠন-পাঠনের বাইরে এসে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে মানবিক বোধের উন্মেষ ঘটাতে তিনি এখানকার সাংস্কৃতিক বলয় উন্নত করার তাগিদ দেন। এ ছাড়া প্রধান অতিথি হিসেবে বুয়েটের ১১টি বিভাগের প্রথম স্থান অধিকারী শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট তুলে দেন তিনি। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কানাডার মেমোরিয়াল ইউনিভার্সিটি অব নিউ ফাউন্ডল্যান্ডের তড়িৎকৌশল বিভাগের অধ্যাপক এম আজিজুর রহমান। ১৯৬২ সালে বুয়েটের একই বিভাগ থেকে স্নাতক সম্পন্ন করা এই অধ্যাপকের বক্তব্যে উঠে আসে ষাটের দশকের রাজনৈতিক পরিস্থিতি ও তাঁর সময়ের দিকপাল শিক্ষকদের কথা। তিনি বলেন, ‘প্রকৌশলবিদ্যা একটি প্রায়োগিক শিল্প। এটা হচ্ছে সেই সেতুবন্ধ, যা সমাজ ও বিজ্ঞানের মধ্যে যোগসূত্র স্থাপন করে।’
বুয়েট অ্যালামনাইয়ের সভাপতি অধ্যাপক জামিলুর রেজা চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বুয়েটের উপাচার্য ও অ্যালামনাইয়ের প্রধান পৃষ্ঠপোষক অধ্যাপক সাইফুল ইসলাম, সমন্বয়ক অধ্যাপক সত্য প্রসাদ মজুমদার, মহাসচিব অধ্যাপক সাদেকুল ইসলাম ভূঁইয়া ও বুয়েটের সাবেক শিক্ষার্থী তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।
সভাপতির বক্তব্যে অধ্যাপক জামিলুর রেজা চৌধুরী বুয়েট অ্যালামনাইয়ের উদ্যোগে প্রতিষ্ঠানটির শিক্ষা, গবেষণা ও অবকাঠামোগত উন্নয়নের জন্য আগামী পাঁচ বছরে ১০০ কোটি টাকার একটি তহবিল গঠনের উদ্যোগের কথা জানান। তিনি বলেন, বুয়েট অ্যালামনাইয়ের উদ্যোগে এটি নবম মহা পুনর্মিলনীর আয়োজন। দিনে দিনে এর পরিসর ও অংশগ্রহণকারীদের সংখ্যা বাড়ছে।
অনুষ্ঠানে বুয়েটের উপাচার্য খালেদা একরাম ও সাবেক শিক্ষার্থী প্রকৌশলী সিরাজুল মজিদ মামুনের মৃত্যুতে শোক প্রকাশের পাশাপাশি প্রয়াত প্রকৌশলী খ ম ফারুকের ওপর একটি স্মারকগ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়। সম্মাননা দেওয়া হয় বুয়েট অ্যালামনাইয়ের সর্বজ্যেষ্ঠ সদস্য ১৯৫১ সালে পুরকৌশল বিভাগ থেকে স্নাতক প্রকৌশলী ইমামুদ্দীন চৌধুরীকে।