আবেগঘন দিনটি শুধুই তাঁদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কাছের সহপাঠী-বন্ধুদের দেখা কয়েক যুগ পর। দেখা হতেই পরস্পরের উষ্ণ আলিঙ্গন মিলিয়ে দিল সময়ের ব্যবধান। স্মৃতির পাতা খুঁড়ে খুঁড়ে তাঁরা খুঁজে বের করলেন স্কুলজীবনের দুষ্টুমিভরা সোনালি দিনের গল্প। একটি দিনের জন্যে হলেও নবীন-প্রবীণ হয়ে গেল যেন একপ্রাণ।
১২৫ বছরের পুরোনো যশোরের ঐতিহ্যবাহী মধুসূদন তারাপ্রসন্ন বালিকা (এমএসটিপি) বিদ্যালয় ও কলেজের ১ হাজার ১০০ প্রাক্তন ছাত্রীর পুনর্মিলন ঘটল আজ শনিবার। শতবর্ষ উদ্‌যাপন উৎসব ও পুনর্মিলনী-২০১৬ পর্ষদ তাদের স্মৃতিময় একটি দিন উপহার দিয়েছে। বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত পুনর্মিলনে হাজির ছিলেন বিদ্যালয়ের ৫৭ ব্যাচের শিক্ষার্থী থেকে সদ্য পাস করা শিক্ষার্থী। দিনভর উৎসবমুখর পরিবেশে আলোচনা, স্মৃতিচারণা, র‌্যাফল ড্র, সাংস্কৃতিক অনুষ্ঠান, আড়ম্বরপূর্ণ মধ্যহ্নভোজসহ নানা আয়োজনে তাঁরা পার করলেন আবেগঘন আরেকটি দিন।
উদ্‌যাপন পর্ষদের আহ্বায়ক সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হকের সহধর্মিণী আনোয়ারা সৈয়দ হক তো বলেই ফেললেন, ‘আমি এ বিদ্যালয়ের ৫৭ ব্যাচের ছাত্রী। উৎসবে যোগ দেওয়া সবচেয়ে বয়জ্যেষ্ঠ লোকটি আমি। আমি কারও নানি, কারও দাদি আবার কারও চাচি। কিন্তু আজ আমি সবারই আপা। অনুষ্ঠান থেকে বেরিয়ে আমরা যার যার পরিচয়ে ফিরে যাব।’
আনোয়ারা সৈয়দ হকের বক্তব্যে উঠে আসে বিদ্যালয়ের পুরোনো দিনের ক্যাম্পাস, শিক্ষকদের ব্যবহার, স্কুলের মাঠ, স্কুলঘর ইত্যাদি বিষয়। তিনি বলেন, ‘স্কুলের মাঠটি ছিল রূপকথার গল্পের মতো। মাঠের সঙ্গে পুকুর, ছাতিয়ানগাছ, পুরোনো দালানটি ছিল হেরিটেজ। সেই স্কুলঘর আমাদের মনের ভেতর একটি জগৎ​ খুলে দিয়েছিল। ঐতিহ্যবাহী সেই স্কুলঘরটি ভেঙে ফেলা হয়েছে। ক্যাম্পাসে এসে সেই স্কুলঘরটি না দেখে ভীষণ কষ্ট পেয়েছি।’
যশোর-৩ (সদর) আসনের সাংসদ কাজী নাবিল আহমেদে সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্য দেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেক। বক্তব্য দেন জেলা প্রশাসক হুমায়ুন কবীর, পুলিশ সুপার আনিসুর রহমান, জেলা আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম, যশোর প্রেসক্লাবের সভাপতি জাহিদ হাসান, স্কুলের প্রাক্তণ ছাত্রী যশোর সরকারি মাইকেল মধুসূদন কলেজের সাবেক অধ্যক্ষ নমিতা বিশ্বাস, প্রতিষ্ঠানের বর্তমান ভারপ্রাপ্ত অধ্যক্ষ খায়রুল আনাম, যশোর জেলা মহিলা ক্রীড়া সংস্থার সভাপতি রুনা লায়লা প্রমুখ। অনুষ্ঠান উপস্থাপনা করেন প্রাক্তন ছাত্রী মিনারা খন্দকার ও রওশন আরা রাশু।
জাতীয় সংগীতের মাধ্যমে জাতীয় পতাকা তুলে অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। এরপর ‘লাল, নীল, সবুজের মেলা বসেছে...’ গান পরিবেশিত হয়। এ সময় সবার হাতে থাকা রংবেরঙের বেলুন নীল আকাশে উড়িয়ে দেওয়া হয়। প্রধান অতিথি শান্তির পায়রা উড়িয়ে দেন।
এরপর বেলা দুইটার দিকে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহর ঘুরে আবার বিদ্যালয় প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। এরপর দুপুরে খাওয়া শেষে শুরু হয়, স্মৃতিচারণা পর্ব। এ পর্বে প্রত্যেক ব্যাচের প্রাক্তন ছাত্রীরা দিনটিকে স্মৃতি করে রাখার জন্য মঞ্চে গিয়ে আলাদাভাবে ছবি তোলেন। সন্ধ্যা থেকে রাত অবধি চলতে থাকে সাংস্কৃতিক অনুষ্ঠান, মুঠোফোনে সেলফি তোলা, হইচই।