আবেদ খানকে জেরা শেষ করেছে আসামিপক্ষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামায়াতে ইসলামীর নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় রাষ্ট্রপক্ষের ২৬তম সাক্ষী সাংবাদিক আবেদ খানকে গতকাল রোববার জেরা শেষ করেছে আসামিপক্ষ। এই মামলায় সাক্ষ্য গ্রহণের পরবর্তী দিন ৭ মার্চ ধার্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।বিচারপতি নিজামুল হকের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনালে গতকাল আবেদ খানকে দ্বিতীয় দিনের মতো জেরা করেন আসামিপক্ষের আইনজীবী মিজানুল ইসলাম। গত ১৬ ফেব্রুয়ারি আবেদ খান ট্রাইব্যুনালে জবানবন্দি দেন। সেদিন তাঁর জেরা অসমাপ্ত ছিল।গতকাল জেরায় মিজানুল ইসলাম জানতে চান, আবেদ খান ধর্মভিত্তিক রাজনীতি, বিশেষত জামায়াতের রাজনীতির বিপক্ষে কি না? জবাবে তিনি বলেন, আদর্শ ও অবস্থানগত কারণে তিনি ধর্মভিত্তিক রাজনীতির বিপক্ষে। পরে মিজানুল বলেন, আদর্শ ও অবস্থানগত কারণে ধর্মভিত্তিক রাজনীতির বিপক্ষে থাকায় তিনি পরিকল্পিতভাবে ধর্মীয় রাজনৈতিক নেতাদের বিরুদ্ধে অসত্য তথ্য দিয়ে প্রবন্ধ লেখেন। জবাবে আবেদ খান বলেন, এটি সত্য নয়।মিজানুলের আরেক প্রশ্নের জবাবে আবেদ খান বলেন, স্বাধীনতার পর থেকে ১৯৯০ পর্যন্ত সাঈদীর বিরুদ্ধে কোনো প্রবন্ধ বা বই লেখা হয়েছে কি না, তা তিনি সুস্পষ্টভাবে মনে করতে পারছেন না।একপর্যায়ে আসামিপক্ষের আইনজীবী প্রশ্ন করেন, সাঈদীর বক্তব্যের এমন কোনো অডিও ক্যাসেট তাঁর কাছে আছে কি না, যেখানে তিনি মুক্তিযুদ্ধে হত্যা, ধর্ষণ ও নির্যাতনকে জায়েজ বলেছেন? জবাবে সাক্ষী বলেন, তাঁর কাছে এমন কোনো অডিও ক্যাসেট নেই। তবে তিনি শুনেছেন, সেখানে প্রকারান্তরে মুক্তিযুদ্ধে হত্যা, ধর্ষণ, নির্যাতনকে ন্যায্যতা দেওয়ার চেষ্টা হয়েছে বলে মনে হয়েছে। তবে এমন বক্তব্যের আক্ষরিক উদ্ধৃতি তাঁর মনে নেই।আবেদ খান সমকাল-এর সম্পাদক থাকাকালে ২০০৭ সালের ১০ ফেব্রুয়ারি দৈনিকটিতে ‘জামায়াতের গডফাদাররা ধরাছোঁয়ার বাইরে’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। প্রতিবেদনে সাঈদীসহ জামায়াতের চার নেতার নাম ছিল। প্রতিবেদনটি প্রকাশের পর আবেদ খানসহ তিনজনের বিরুদ্ধে সাঈদী ১০ কোটি টাকার মানহানির মামলা করেন। আদালত পরে মামলাটি খারিজ করে দেন। এর পরিপ্রেক্ষিতে আবেদ খানকে রাষ্ট্রপক্ষ এই মামলায় সাক্ষী করেছে।ট্রাইব্যুনালে আইন প্রতিমন্ত্রী: আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম দুপুরে পুরাতন হাইকোর্ট ভবনে গিয়ে দ্বিতীয় ট্রাইব্যুনালের প্রস্তুতিকাজ পরিদর্শন করেন। পরে তিনি সাংবাদিকদের বলেন, চলতি মাসের মধ্যেই দ্বিতীয় ট্রাইব্যুনালের কার্যক্রম শুরু হবে। এই ট্রাইব্যুনালের জন্য বিচারপতি নিয়োগের প্রক্রিয়া চলছে।