আবেদন-অনুমোদন ছাড়াই গ্যাস-সংযোগ
কর্তৃপক্ষের অনুমোদন নেই, নেই আবেদনও। এর পরও তিতাসের একশ্রেণীর ঠিকাদার ও স্থানীয় প্রভাবশালী ব্যক্তিরা মোটা অঙ্কের অর্থের বিনিময়ে ঢাকার সাভার, আশুলিয়ার বাইপাইল, ছনটেকি ও সুবন্দি গ্রামের তিন হাজারের বেশি পরিবার গ্যাসের অবৈধ সংযোগ পেয়েছে। বিষয়টি জানার পরও কারও বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি।
বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজ সম্পদ করপোরেশন (পেট্রোবাংলা) গত বছরের জুন মাসের আগে আবাসিক খাতে নতুন সংযোগ প্রদান ও অবৈধ সংযোগ বৈধ করার ঘোষণা দেয়। ঘোষণায় বলা হয়, জুন (২০১৩) মাস পর্যন্ত যাঁরা অনুমোদন না নিয়ে অবৈধভাবে অতিরিক্ত চুলা ব্যবহার করে আসছিলেন, শুধু তাঁদের সংযোগ বৈধ করা হবে।
স্থানীয় একাধিক ব্যক্তি ও তিতাসের কর্মকর্তারা জানান, ওই ঘোষণার পর পর সাফায়েত হোসেন নামের তিতাসের একজন ঠিকাদার আশুলিয়ার কবিরপুর এলাকায় অবৈধভাবে ২০০ ফুট বিতরণ লাইন ও ৭০০ ফুট সার্ভিস লাইন নির্মাণ করেন। তিনি কয়েক শ বাড়িতে অবৈধ সংযোগ দিয়ে কয়েক লাখ টাকা আদায় করেন। এ ব্যাপারে তিতাস গ্যাস সাভারের আঞ্চলিক বিপণন বিভাগ সাফায়েতের বিরুদ্ধে আশুলিয়া থানায় শুধু একটি সাধারণ ডায়েরি (জিডি) করে। কোনো শাস্তিমূলক ব্যবস্থা না নেওয়ায় অন্যান্য ঠিকাদার ও স্থানীয় প্রভাবশালী ব্যক্তিরা সাভার ও আশুলিয়ায় মাইলের পর মাইল অবৈধ সার্ভিস ও বিতরণ লাইন নির্মাণ করে অবৈধ সংযোগ দেওয়া শুরু করেন।
অনুসন্ধানে জানা গেছে, গ্যাসের অবৈধ সংযোগ নিয়েছে সাভার পৌর এলাকাসহ হেমায়েতপুর ও রাজফুলবাড়িয়া এবং আশুলিয়ার কবীরপুর, বারইপাড়া, জিরানী, বুড়িরবাজার, ডেন্ডাবর, গাজীরচট, জামগড়া, বেরন, নিশ্চিন্তপুর, ঘোষবাগ, নরসিংহপুর, জিরাব, কাঠগড়া, বাইপাইল, সুবন্দি ও ছনটেকি এলাকার তিন হাজারেরও বেশি পরিবার।
সম্প্রতি আশুলিয়া থানা থেকে মাত্র ১০০ গজ দূরে বাইপাইল পশ্চিমপাড়া এলাকায় গিয়ে দেখা যায়, বাচ্চু মিয়া নামের স্থানীয় এক প্রভাবশালী ব্যক্তি গ্যাসের অবৈধ সংযোগ দেওয়ার কাজ করছেন। এলাকাটিতে গত এক সপ্তাহে ২০০ গজেরও বেশি লাইন নির্মাণের পর অর্ধশতাধিক বাড়িতে অবৈধ সংযোগ দেওয়া হয়েছে। আরও বেশ কিছু বাড়িতে সংযোগ দেওয়ার কাজ চলছে।
অবৈধ সংযোগ নিয়েছেন এমন কয়েকজন নাম প্রকাশ না করার শর্তে বলেন, বাচ্চু মিয়া ও তাঁর লোকজনকে ৬০ থেকে ৭০ হাজার টাকা দেওয়ার বিনিময়ে তাঁরা সংযোগ পেয়েছেন। বাচ্চু মিয়া সাংবাদিকদের বলেন, ‘জনগণের সম্পদ জনগণ ব্যবহার করবে, তাতে অনুমোদনের দরকার কী? আমরা তো আর চুরি-ডাকাতি করছি না।’ তাহলে টাকা নিচ্ছেন কেন, জানতে চাইলে তিনি বলেন, ‘তিতাস গ্যাস কর্তৃপক্ষ ও থানার পুলিশের সঙ্গে সমঝোতার পাশাপাশি মালামাল কিনতে টাকা নেওয়া হচ্ছে।’
১২ জানুয়ারি দুপুরে রিকশাভ্যানে করে গ্যাসের পাইপ নিয়ে বাড়ি ফিরছিলেন আশুলিয়ার ধামসোনা ইউনিয়নের সুবন্দি গ্রামের আবদুস সাত্তার মিয়াসহ (৬০) আরও জনা দশেক লোক। সাত্তার মিয়া বলেন, ‘আমাগো এলাকায় গ্যাস আইছে, তাই লাইন নিবার লিগা পাইপ কিনা আনলাম।’ অনুমোদনের ব্যাপারে তিনি বলেন, ‘যারা ট্যাকা নিছে, তারাই হ্যাডা বুজবো।’ কারা টাকা নিয়ে সংযোগ দিচ্ছেন, সে ব্যাপারে তিনি কোনো তথ্য দিতে চাননি।
সাত্তারের সঙ্গে থাকা কয়েকজন বললেন, অবৈধ জেনেও ৬০ হাজার থেকে এক লাখ টাকার বিনিময়ে এলাকার আওয়ামী লীগের কয়েকজন নেতা ও তিতাসের ঠিকাদারদের মাধ্যমে তাঁরা সংযোগ নিচ্ছেন।
অনুমোদন ছাড়া আশুলিয়ার শ্রীপুর এলাকা থেকে প্রায় দুই কিলোমিটার লাইন নির্মাণ করে গ্রামে গ্যাস নেওয়া হলেও কোনো মহল থেকেই তাঁরা বাধার সম্মুখীন হননি বলে জানান গ্রামের লোকজন। অবৈধভাবে লাইন নির্মাণের কাজ চলছে আশুলিয়ার বলিভদ্র থেকে ছনটেকি পর্যন্ত।
বাইপাইল এলাকায় অবৈধভাবে আবাসিক গ্যাস সংযোগ দেওয়ার কাজে নিয়োজিত শ্রমিক শাহীন, লাভলুসহ আরও কয়েকজন জানান, তাঁরা তিতাসের ঠিকাদারদের হয়ে কাজ করেন। তবে অনুমোদন না থাকায় নিম্নমানের মালামাল দিয়ে তাড়াহুড়া করে দ্রুতগতিতে কাজ করছেন।
তিতাসের সাভার আঞ্চলিক বিপণন বিভাগের ব্যবস্থাপক মো. হাফিজুর রহমান দাবি করেন, জনবলের অভাব ও পুলিশের অসহযোগিতার কারণে গ্যাসের অবৈধ সংযোগ গ্রহণ ও প্রদানকারীদের বিরুদ্ধে আপাতত কোনো ব্যবস্থা নেওয়া সম্ভব হচ্ছে না। কিন্তু যাঁরা অবৈধ সংযোগ নিচ্ছেন, তাঁরা একসময় বিপদে পড়বেন।