রংপুরের দুটি পল্লী বিদ্যুৎ সমিতির প্রায় ২৮ হাজার ব্যক্তি আবেদন করার চার বছরেও বিদ্যুৎ-সংযোগ পাননি। বিদ্যুৎ-সংযোগ না পাওয়ায় বোরো মৌসুমে খেতে সেচ দিতে কৃষকদের ভীষণ সমস্যা হচ্ছে।
পাওয়ার স্টেশনের ধারণক্ষমতা না থাকায় নতুন বিদ্যুৎ-সংযোগ দেওয়া সম্ভব হয়নি বলে দাবি করেছেন পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তারা। তাঁরা আরও দাবি করেছেন, তাঁরা গত ফেব্রুয়ারি থেকে দুই হাজার নতুন সংযোগ দিয়েছেন।
পল্লী বিদ্যুৎ সমিতি (পবিস) সূত্র জানায়, রংপুর, গাইবান্ধা ও নীলফামারীর ১৩ উপজেলা রংপুরের সদর উপজেলার পাগলাপীর পল্লী বিদ্যুৎ সমিতি-২ ও মিঠাপুকুর উপজেলার শঠিবাড়ি পল্লি বিদ্যুৎ সমিতি-১ এর আওতাধীন। এসব এলাকায় গ্রাহক আছে ১ লাখ ৮৫ হাজার। সেচযন্ত্র রয়েছে ২০ হাজারের ওপর। বিদ্যুতের চাহিদা ৬৫ থেকে ৭২ মেগাওয়াট। কিন্তু পাওয়া যাচ্ছে ৩০-৩৫ মেগাওয়াট। দুটি পল্লী বিদ্যুৎ সমিতিতে গত চার বছরে আবেদন জমা পড়েছে প্রায় ৩০ হাজার।
নাম প্রকাশে অনিচ্ছুক আবেদনকারীদের অভিযোগ, আবেদন করার পর থেকে বিদ্যুৎ-সংযোগের জন্য ধরনা দেওয়ার পরও বিদ্যুৎ-সংযোগ মিলছে না। প্রতিদিনই আবেদনকারীরা তদবির করতে ব্যস্ত। উচ্চপর্যায়ে তদবির করতে না পারলে বিদ্যুৎ-সংযোগ পাওয়া যায় না।
পবিস সূত্রে জানা গেছে, পাগলাপীর পল্লী বিদ্যুৎ সমিতিতে নতুন বিদ্যুৎ-সংযোগের জন্য আবেদন জমা পড়েছে ২০ হাজারের ওপর। এখানে চার বছর ধরে নতুন বিদ্যুৎ-সংযোগ দেওয়া বন্ধ থাকলেও ফেব্রুয়ারি মাস থেকে কিছু কিছু নতুন সংযোগ দেওয়া শুরু করা হয়েছে। মিঠাপুকুরের পল্লী বিদ্যুৎ সমিতিতে প্রায় ১০ হাজার আবেদন জমা রয়েছে। আবেদনকারীদের অভিযোগ, নানা অজুহাত দেখিয়ে তাদের সংযোগ দেওয়া হচ্ছে না।
মিঠাপুকুরের কৃষক একাব্বর হোসেন, সমসের মিয়া, আলী হোসেনসহ অনেক কৃষকের অভিযোগ, নতুন সংযোগ না পাওয়ায় তাঁরা জমিতে সেচ দিতে পারেননি। ডিজেলচালিত যন্ত্র দিয়ে জমিতে সেচ দেওয়ায় অতিরিক্ত ব্যয় হয়েছে।
শঠিবাড়ি পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর মহাব্যবস্থাপক দেওয়ান তোফাজ্জল হোসেন তদবিরে সংযোগ দেওয়ার অভিযোগ অস্বীকার করে বলেন, চাহিদা অনুযায়ী পাওয়ার স্টেশন লোড নিতে না পারায় ২০১১ সাল থেকে বিদ্যুৎ-সংযোগ দেওয়া বন্ধ ছিল। কিন্তু গত দুই মাসে দুই হাজার নতুন সংযোগ দেওয়া হয়েছে। এখন আট হাজার আবেদনকারী আছে। এদের পর্যায়ক্রমে সংযোগ দেওয়া হবে।
পাগলাপীর পল্লী বিদ্যুৎ সমিতি-২-এর মহাব্যবস্থাপক সোহরাব হোসেন বলেন, দীর্ঘ চার বছর এই সমিতিতে নতুন সংযোগ দেওয়া বন্ধ ছিল। এর ফলে নতুন সংযোগের আবেদন অনেক বেড়ে যায়। সম্প্রতি পাওয়ার স্টেশনের লোড বাড়ানো হয়েছে। নতুন করে সংযোগ দেওয়া শুরু হয়েছে।