আবেদন করেই নির্মাণকাজ শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার পাঠামারা গ্রামে কৃষিজমিতে ইটভাটা নির্মাণ করছেন প্রভাবশালী ব্যক্তিরা। জেলা প্রশাসক বরাবর আবেদন করেই ১০ দিন ধরে ইটভাটার নির্মাণকাজ চালিয়ে আসছেন তাঁরা। জনবসতির পাশ ঘেঁষে এবং কৃষিজমিতে ইটভাটা নির্মাণ করা হলে জনমানুষের স্বাস্থ্যের ক্ষতিসহ পরিবেশের মারাত্মক বিরূপ প্রভাব পড়বে বলে আশঙ্কা করছে এলাকাবাসী। খোঁজ নিয়ে জানা গেছে, উপজেলার হায়দরনগর গ্রামের মো. ফারুক মিয়ার নেতৃত্বে আটজন প্রভাবশালী ব্যক্তি মিলে আরবিএম নামের একটি ইটভাটার নির্মাণকাজ শুরু করেন। তিন ফসলি কৃষিজমিতে ইটভাটার নির্মাণকাজ করছেন তাঁরা। সরেজমিনে পাঠামারা গ্রামে গিয়ে দেখা যায়, গ্রামের দক্ষিণ-পশ্চিম প্রান্তে বসতি ঘেঁষে ইটভাটাটি গড়ে উঠছে। এতে কৃষিজমি নষ্ট ও পরিবেশের ওপর মারাত্মক প্রভাব পড়বে বলে আশঙ্কা প্রকাশ করেছেন এলাকাবাসী। জেলা প্রশাসকের কার্যালয় সূত্রে জানা গেছে, ফসলি জমিতে এবং জনবসতির তিন কিলোমিটারের মধ্যে কোনো ইটভাটা নির্মাণ করার বিধান নেই। তা সত্ত্বেও আরবিএম ইটভাটার নির্মাণকারীরা নির্মাণকাজ করছেন। নির্মাণাধীন আরবিএম ইটভাটার প্রধান স্বত্বাধিকারী মো. ফারুক মিয়ার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি প্রথম আলোকে বলেন, ‘ডিসি স্যারের কাছে আবেদন করেছি ইটভাটা নির্মাণের অনুমতির জন্য, অনুমতি দিতে তো দেরি হবে। তাই অনুমতি পাওয়ার আগেই ইটভাটার নির্মাণকাজ শেষ করে রাখছি। আর যদি অনুমতি না পাই, ইটভাটায় আমরা আগুন জ্বালাব না।’উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাহেদ হোসেন বলেন, আমি সম্প্রতি বিষয়টি জেনেছি, নির্মাণাধীন ইটভাটার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক মো. আবদুল মান্নান বলেন, ‘আরবিএম নামের কোনো ইটভাটার জন্য কেউ আবেদন করেছে বলে আমার জানা নেই।’