আবেদন করেও তথ্য মিলছে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তথ্য অধিকার আইন মানছেন না ঢাকার সাভার, ধামরাইসহ মানিকগঞ্জের সরকারি কর্মকর্তারা। বারবার আবেদন করার পরও তথ্য দেওয়া হচ্ছে না বিভিন্ন দপ্তর থেকে। ফলে নাগরিকেরা তাঁদের তথ্য পাওয়ার অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন। অথচ তথ্য অধিকার আইন অনুযায়ী আবেদন পাওয়ার তারিখ থেকে ২০ কার্যদিবসের মধ্যে আবেদনকারীকে তথ্য সরবরাহ করতে হবে। কোনো কারণে তথ্য সরবরাহ করা সম্ভব না হলে তা আবেদন পাওয়ার ১০ কার্যদিবসের মধ্যে আবেদনকারীকে লিখিতভাবে অবহিত করতে হবে।অনুসন্ধান করে দেখা গেছে, আইনটি সম্পর্কে সরকারি কর্মকর্তাদের স্বচ্ছ ধারণা না থাকার কারণে আবেদন করেও তথ্য পাচ্ছেন না নাগরিকেরা। পাশাপাশি তথ্য দিলে দুর্নীতি ও অনিয়মের তথ্য ফাঁস হয়ে পড়তে পারে, এমন ভয় থেকেও তথ্য প্রদান থেকে বিরত থাকছেন অনেক কর্মকর্তা। বরাদ্দের পরিমাণসহ কাবিখা, কাবিটা ও টিআর প্রকল্পগুলোর তালিকা চেয়ে মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার (পিআইও) দপ্তরে গত ১৩ ফেব্রুয়ারি আবেদন করেছিলেন প্রথম আলোর মানিকগঞ্জ প্রতিনিধি আবদুল মোমিন। কিন্তু গত বৃহস্পতিবার পর্যন্ত তাঁকে কোনো তথ্য সরবরাহ করা হয়নি। গত বছর ১৩ জুন প্রথম আলোর পক্ষ থেকে দপ্তরটিতে একই রকম তথ্য চেয়ে আবেদন করেও কোনো তথ্য পাওয়া যায়নি।একইভাবে বরাদ্দসহ বিভিন্ন উন্নয়ন প্রকল্পের তালিকা চেয়ে আবদুল মোমিন আবেদন করেছিলেন সাটুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও প্রকৌশলীর দপ্তরে। ২০ কার্যদিবস পার হওয়ার পরও ওই দুটি দপ্তর থেকে কোনো তথ্য দেওয়া হয়নি। এমনি তথ্য দিতে অপারগতার কারণও জানানো হয়নি তাঁকে। যোগাযোগ করা হলে পিআইও আবদুল বাছেদ বলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা বা উপজেলা চেয়ারম্যানের অনুমতি ছাড়া তাঁর পক্ষে তথ্য দেওয়া সম্ভব নয়। আর সাটুরিয়া উপজেলা প্রকৌশলী মো. জিয়াউর রহমান আবেদন পাওয়ার কথাই অস্বীকার করেন। তাঁর দপ্তরে আবেদন গ্রহণ করা হয়েছে, এমন প্রমাণ থাকার কথা বলা হলে তিনি খুঁজে দেখবেন বলে আশ্বস্ত করেন। মৌজাভিত্তিক অর্পিত সম্পত্তির তালিকাসহ অর্পিত সম্পত্তির বন্দোবস্ত গ্রহণকারী ব্যক্তি বা প্রতিষ্ঠানের তালিকা চেয়ে গত ১৩ ফেব্রুয়ারি ঢাকার সাভার ও ধামরাই উপজেলা সহকারী কমিশনারের (ভূমি) কার্যালয়ে আবেদন করেছিলেন এ প্রতিবেদক। কিন্তু গত বৃহস্পতিবার পর্যন্তও এ দুটি দপ্তর থেকে কোনো তথ্য সরবরাহ করা হয়নি। একাধিকবার সাভার উপজেলা সহকারী কমিশনারের (ভূমি) কার্যালয়ে গিয়ে আবেদনই খুঁজে পাওয়া যায়নি। অনুমতি পাওয়া ইটভাটাসহ মোট ইটভাটার তালিকা চেয়ে প্রথম আলোর পক্ষ থেকে গত ১৬ ফেব্রুয়ারি আবেদন করা হয়েছিল ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তার দপ্তরে। নির্দিষ্ট সময় পার হওয়ার পরও ওই দপ্তর থেকে কোনো তথ্য সরবরাহ করা হয়নি।যোগাযোগ করা হলে ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাকসুদা হোসেন বলেন, অর্পিত সম্পত্তি-সংক্রান্ত যেসব তথ্য চাওয়া হয়েছে, তাতে সরকারের অনেক গোপনীয় তথ্য রয়েছে; এ কারণে দেওয়া সম্ভব হয়নি। আর ইটভাটার অনুমতি বা লাইসেন্স দেওয়া হয় জেলা প্রশাসকের কার্যালয় থেকে। তাই ইটভাটা-সংক্রান্ত কোনো তথ্য পেতে হলে জেলা প্রশাসকের বরাবর আবেদন করতে হবে। মানিকগঞ্জের জেলা প্রশাসক মুনশী শাহাবুদ্দীন আহমেদ বলেন, তথ্য অধিকার আইন সম্পর্কে স্বচ্ছ ধারণা না থাকার কারণে কর্তৃপক্ষ তথ্য দিতে চায় না। তবে আইনের বিধান মেনে চলার পাশাপাশি নিজেদের স্বচ্ছতার খাতিরে নাগরিকদের তথ্য দেওয়া উচিত।