আবেদন করেও মিলছে না তথ্য
বিভিন্ন উন্নয়ন প্রকল্পের অনুকূলে বরাদ্দ অর্থের পরিমাণসহ খাতওয়ারি খরচের হিসাব-সংক্রান্ত তথ্য চেয়ে এ প্রতিবেদক বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটের (বিএলআরআই) দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার কাছে গত ১২ এপ্রিল আবেদন করেন। নির্দিষ্ট সময়ে তথ্য সরবরাহ না করায় গত ২ জুন আপিল করা হয় প্রতিষ্ঠানটির মহাপরিচালকের কাছে।
এর পরও পুরো তথ্য সরবরাহ করা হয়নি। চাহিদা অনুযায়ী তথ্য না পেয়ে গত ৬ জুলাই পূর্ণাঙ্গ তথ্যের জন্য পুনরায় আবেদন করা হয়। এখন পর্যন্ত তথ্য পাওয়া যায়নি। এর আগে গত বছরের ৫ আগস্ট বিএলআরআইয়ের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার কাছে তথ্য চেয়ে না পেয়ে তথ্য কমিশনে অভিযোগ করে চাহিদামতো তথ্য আদায় করা হয়।
তথ্য অধিকার আইন কার্যকর হয় ২০০৯ সালে। এরপর পাঁচ বছর পেরিয়ে গেলেও আইনটি সঠিকভাবে মানা হচ্ছে না। সরকারি দপ্তরসহ বিভিন্ন প্রতিষ্ঠানে তথ্যের জন্য আবেদন করে এ রকম ভোগান্তির শিকার হতে হচ্ছে আবেদনকারীদের।
এই আইনের আওতায় কোনো নাগরিক সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে তথ্য চেয়ে আবেদন করলে ২০ কর্মদিবসের মধ্যে তাঁকে তথ্য সরবরাহ করার কথা। কিন্তু বিভিন্ন দপ্তরে আবেদন করে অধিকাংশ ক্ষেত্রেই কাঙ্ক্ষিত তথ্য পাওয়া যাচ্ছে না। আইনটি সম্পর্কে স্বচ্ছ ধারণাও নেই সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীর।
বিএলআরআইয়ের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহ আলম বলেছেন, প্রকল্প পরিচালকেরা যথাসময়ে তথ্য সরবরাহ না করায়, তাঁর পক্ষে তথ্য প্রদান করা সম্ভব হচ্ছে না।
প্রতিবেদন তৈরির জন্য প্রথম আলোর এ প্রতিবেদক গত এপ্রিল মাস থেকে জুলাই মাস পর্যন্ত বিভিন্ন দপ্তরে তথ্য চেয়ে ১৩টি আবেদন করেন। এর মধ্যে নির্দিষ্ট সময়ে একটির আংশিক এবং দুটি আবেদনের চাহিদামতো সব তথ্য পাওয়া গেছে। আর আপিল করার পর পাওয়া যায় একটির সম্পূর্ণ এবং অপরটির অসম্পূর্ণ তথ্য। বাকি সাতটি আবেদনের কোনো সুরাহা হয়নি। তথ্য চেয়ে আবেদন করা হয়েছে এমন দপ্তরের একাধিক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, অনিয়ম ও দুর্নীতির তথ্য ফাঁস হওয়ার ভয়ে দপ্তরের প্রধানেরা তথ্য দিতে গড়িমসি করে থাকেন।
ঢাকার ধামরাই, আশুলিয়া ও সাভার থানা এলাকায় আগ্নেয়াস্ত্রের লাইসেন্স-সংক্রান্ত তথ্য চেয়ে গত ১৪ মে আবেদন করা হয়েছিল জেলা প্রশাসকের কার্যালয়ের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার কাছে। নির্দিষ্ট সময়ে তথ্য না পেয়ে ১০ জুলাই আপিল করা হয় ঢাকা বিভাগীয় কমিশনারের কাছে। এর তিন দিন পর ১৪ জুলাই তথ্য সরবরাহ করা হয়।
ধামরাই উপজেলা থেকে ২০১৪ সালে পুলিশের কনস্টেবল পদে যাঁরা নিয়োগ পেয়েছেন তাঁদের নাম, পিতার নাম ও ঠিকানা জানতে চেয়ে গত ৩০ জুন ধামরাই থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার কাছে আবেদন করা হয়। নির্দিষ্ট সময় পার হওয়ার পরেও কোনো তথ্য সরবরাহ করা হয়নি।
এর আগে গত বছরের ২০ এপ্রিল একই ধরনের তথ্য চেয়ে আবেদন করার পর তথ্য না পেয়ে ওই বছরের ৪ আগস্ট তথ্য কমিশনে অভিযোগ করা হয়েছিল। এরপর চাহিদামতো তথ্য সরবরাহ করা হয়।
ঢাকা জেলা পরিষদের অধীনে ২০১১ থেকে ২০১৪ সাল পর্যন্ত যেসব উন্নয়নমূলক কাজ হয়েছে, সেসব প্রকল্পের নাম ও বরাদ্দের পরিমাণসহ জেলা পরিষদের মালিকানাধীন জমির তথ্য জানতে চেয়ে গত ৮ জুলাই আবেদন করা হয়েছে। এখন পর্যন্ত তথ্য পাওয়া যায়নি।
ঢাকার সাভার পৌর এলাকার হাটবাজার ও যানবাহন স্ট্যান্ডের ইজারা-সংক্রান্ত তথ্য চেয়ে আবেদন করা হয়েছিল ১৪ জুলাই। কিন্তু তথ্য দেওয়া হচ্ছে না। নানা অজুহাত দেখিয়ে কালক্ষেপণ করা হচ্ছে।
এর কারণ অনুসন্ধান করতে গিয়ে জানা গেছে, ইজারা প্রদানে ব্যাপক অসংগতি ও অনিয়ম থাকায় তথ্য দিতে গড়িমসি করা হচ্ছে। তবে পৌরসভার ভারপ্রাপ্ত সচিব মো. সামছুদ্দিন দাবি করেছেন, তথ্য সংগ্রহে সময় লাগার কারণে দ্রুত তথ্য সরবরাহ করা সম্ভব হচ্ছে না।
তথ্য অধিকার নিয়ে কাজ করে এমন একটি প্রতিষ্ঠান হলো ম্যানেজমেন্ট অ্যান্ড রিসোর্সেস ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ (এমআরডিআই)। প্রতিষ্ঠানটির নির্বাহী পরিচালক হাসিবুর রহমান বলেন, তথ্য অধিকার আইন নিয়ে বিভিন্ন পর্যায়ে যে পরিমাণ প্রচার-প্রচারণা হওয়ার কথা ছিল, তা না হওয়ায় এসব সমস্যার সৃষ্টি হচ্ছে। তিনি বলেন, মন্ত্রণালয়গুলো যদি তাঁদের নিজস্ব তথ্য অবমুক্ত করার নীতিমালা তৈরি করে, তাহলে মাঠপর্যায়ে তথ্য দেওয়ার প্রক্রিয়া সহজ হবে।