আবেদন করেছেন প্রায় ২১ হাজার বাংলাদেশি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) অবৈধ বিদেশি অভিবাসীদের জন্য ঘোষিত সাধারণ ক্ষমার আওতায় প্রায় ২১ হাজার বাংলাদেশি আবেদন করেছেন। এই সাধারণ ক্ষমার জন্য আবেদনের শেষ সময় ছিল গতকাল সোমবার। সাধারণ ক্ষমার আওতায় অবৈধ অভিবাসীরা জেল-জরিমানাসহ নানা রকম শাস্তি থেকে রেহাই পেয়ে দেশে ফিরতে পারবেন।জানতে চাইলে ইউএইর আবুধাবিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত নাজমুল কাউনাইন গতকাল সন্ধ্যায় মুঠোফোনে প্রথম আলোকে বলেন, গতকাল পর্যন্ত প্রায় ২১ হাজার বাংলাদেশি সাধারণ ক্ষমার জন্য আবেদন জানিয়েছেন। এর মধ্যে আবুধাবির দূতাবাস থেকে চার হাজার এবং দুবাইয়ের কনস্যুলেট দপ্তর থেকে প্রায় ১৭ হাজার আউটপাস দেওয়া হয়েছে। এই সাধারণ ক্ষমার আওতায় সব ধরনের শাস্তিমূলক ব্যবস্থা থেকে রেহাই পেয়ে তাঁরা দেশে ফিরতে পারবেন। তিনি বলেন, ভবিষ্যতে বৈধভাবে কাজের অনুমতি পেলে এঁদের পুনরায় এ দেশে আসার সুযোগ থাকবে।অবৈধ অভিবাসীদের চিহ্নিত করতে গত বছরের ১ ডিসেম্বর থেকে গতকাল (৪ ফেব্রুয়ারি) পর্যন্ত সাধারণ ক্ষমা ঘোষণার জন্য সময় বেঁধে দেয় সংযুক্ত আরব আমিরাত কর্তৃপক্ষ।আবুধাবির ইংরেজি দৈনিক দি ন্যাশনাল পত্রিকার গতকালের সংস্করণে বলা হয়েছে, গত শুক্রবার পর্যন্ত বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, নেপাল, ইন্দোনেশিয়া, ইথিওপিয়া ও ফিলিপাইনের মোট ৩৭ হাজার ২৯৮ জন নাগরিক সাধারণ ক্ষমার আওতায় আবেদন জানিয়েছেন। এর মধ্যে সর্বোচ্চ আবেদনকারী বাংলাদেশি। এরপর রয়েছেন পাকিস্তানি ও ভারতীয় নাগরিকেরা।২০০৭ সালে সাধারণ ক্ষমার আওতায় প্রায় ৪০ হাজার বাংলাদেশি আবেদন করেছিলেন।ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, সাধারণ ক্ষমা ঘোষণার পর অবৈধ অভিবাসী ও বিদেশি শ্রমিকদের বিষয়টি মূল্যায়ন করবে মধ্যপ্রাচ্যের তেলসমৃদ্ধ দেশটির সরকার। পরে দেশটিতে আবারও বিদেশি শ্রমিক নেওয়ার প্রক্রিয়া শুরু হবে।সম্প্রতি ঢাকা সফরের সময় সংযুক্ত আরব আমিরাতের বৈদেশিক বাণিজ্যমন্ত্রী শাইখা লুবনা গণমাধ্যমকর্মীদের বলেন, ‘বিদেশি শ্রমিকদের পরিস্থিতি নিয়ে আমরা এ মুহূর্তে পর্যালোচনা করছি। এরপর আবার বিদেশি শ্রমিক নেওয়া শুরু হবে।’সংযুক্ত আরব আমিরাতে বর্তমানে প্রায় সাড়ে সাত লাখ বাংলাদেশি কর্মরত।