আবেদন খারিজ, খালেদার বিরুদ্ধে মামলা চলবে
জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতির মামলায় অভিযোগ গঠনের আদেশ বাতিল চেয়ে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার করা দুটি আবেদন খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি বোরহান উদ্দিন ও বিচারপতি কে এম কামরুল কাদেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ গতকাল বুধবার এ আদেশ দেন।
আদেশের পর দুর্নীতি দমন কমিশনের (দুদক) কৌঁসুলি খুরশীদ আলম খান প্রথম আলোকে বলেন, আদালত খালেদা জিয়ার আবেদন দুটি সরাসরি খারিজ করে দিয়েছেন। আইন অনুসরণ করে অভিযোগ গঠনের দিক বিবেচনায় নিয়ে আবেদন খারিজ করা হয়েছে। আবেদন খারিজ হওয়ায় মামলা দুটির কার্যক্রম চলতে আইনগত কোনো বাধা থাকল না।
খালেদা জিয়ার আইনজীবী খন্দকার মাহবুব হোসেন বলেন, ‘আমরা বলেছিলাম ট্রাস্ট আইনের মামলা, তাই ট্রাস্ট আইনে বিচার হবে। অভিযোগ গঠনের সময় খালেদা জিয়াকে দোষী কি নির্দোষ—তা জিজ্ঞাসা করা হয়নি। অথচ আদেশে বলা হয়, খালেদা জিয়া নিজেকে নির্দোষ দাবি করেছেন। হাইকোর্টে বলেছি, ওই আদেশ ত্রুটিপূর্ণ। কিন্তু অভিযোগ গঠন বিষয়ে নিম্ন আদালতের আদেশ বিশ্বাস করে আবেদন খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। এতে আমরা হতাশ ও হতবাক। ন্যায়বিচার পাইনি।’ পূর্ণাঙ্গ রায় পাওয়ার পর খালেদা জিয়ার সঙ্গে আলোচনা করে আপিল করা হবে বলে জানান তিনি।
গত ১৯ মার্চ এই দুই মামলায় খালেদা জিয়া ও তাঁর বড় ছেলে তারেক রহমানসহ নয়জনের বিরুদ্ধে ঢাকার বিশেষ জজ আদালত-৩-এর বিচারক অভিযোগ গঠন করেন। ওই আদেশ বাতিল চেয়ে ১৩ এপ্রিল হাইকোর্টে (রিভিশন) আবেদন করেন খালেদা জিয়া। এতে মামলা দুটির কার্যক্রম স্থগিত ও বিচারিক আদালতের নথি তলবের আরজি জানানো হয়।
আবেদনের ওপর তিন দিন শুনানি শেষে ২০ এপ্রিল আদালত আদেশের দিন ধার্য করেন। গতকাল মধ্যাহ্ন বিরতির পর আদালত আদেশ দেন।
আদালতে খালেদা জিয়ার পক্ষে খন্দকার মাহবুব হোসেন, মওদুদ আহমদ, রফিকুল ইসলাম মিয়া, এ জে মোহাম্মদ আলী, মাহবুব উদ্দিন খোকন, এম বদরুদ্দোজা প্রমুখ উপস্থিত ছিলেন। রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম, অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুরাদ রেজা ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. সেলিম এবং দুদকের পক্ষে ছিলেন আইনজীবী খুরশীদ আলম খান।
জিয়া চ্যারিটেবল ট্রাস্টের নামে অবৈধভাবে অর্থ লেনদেনের অভিযোগ এনে ২০১১ সালের ৮ আগস্ট খালেদা জিয়াসহ চারজনের নামে তেজগাঁও থানায় মামলা করে দুদক। ২০১২ সালের ১৬ জানুয়ারি খালেদা জিয়াসহ চারজনের বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হয়।
জিয়া অরফানেজ ট্রাস্টে অনিয়মের অভিযোগে দুদক ২০০৮ সালের ৩ জুলাই রমনা থানায় মামলা করে। ২০০৯ সালের ৫ আগস্ট খালেদা জিয়া, তারেক রহমানসহ ছয়জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয়। দুই মামলায় আগামী ২১ মে সাক্ষ্য গ্রহণের দিন ধার্য রয়েছে।