আবেদন ছাড়াই বেসরকারি পর্যটনের জন্য স্থাপনা নির্মাণের প্রস্তাব অনুমোদন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কোনো আবেদন ছাড়াই বেসরকারি পর্যটন কেন্দ্রের জন্য নিজস্ব আবাসিক এলাকা দিয়ে চলাচল, সিঁড়ি, বসার পাকা বেঞ্চ ও ঝুলন্ত সেতু নির্মাণের প্রস্তাব অনুমোদন করেছে রাঙামাটি সদর উপজেলা পরিষদ। সিঁড়ি নির্মাণ শুরু হলে বিষয়টি জানাজানি হয়। উপজেলা প্রশাসন বলছে, গত সেপ্টেম্বর মাসের মাসিক সাধারণ সভায় এই অনুমোদন দেওয়া হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন।তবে সভার সঙ্গে সংশ্লিষ্ট একাধিক কর্মকর্তা বলেছেন, ওই সভায় সে ধরনের কোনো আলোচনা হয়নি বা কোনো প্রস্তাব অনুমোদন হয়নি। গত মঙ্গলবার সরেজমিনে দেখা গেছে, উপজেলা পরিষদ ক্যাম্পাসের প্রবেশপথ থেকে আধা কিলোমিটারের বেশি দূরত্বে কর্মকর্তা-কর্মচারীদের আবাসিক কোয়ার্টার। তার উত্তর-পূর্ব দিকে নির্মাণাধীন সিঁড়ি থেকে আনুমানিক ৪০০ গজ দূরে সিরাজভান্ডারী পাহাড়। মাঝখানে কাপ্তাই হ্রদের পানি।নির্মাণকাজের তদারকির দায়িত্বে রয়েছেন রাঙামাটি জাতীয় পার্টির নেতা মাওলানা মো. শাহাজাহান। তিনি জানান, ওই স্থানে সিঁড়িসহ স্থাপনা নির্মাণে উপজেলা পরিষদের অনুমোদন রয়েছে। জাতীয় পার্টির নেতা কাজী ফিরোজ রশীদ ও যুক্তরাজ্যপ্রবাসী জনৈক মোমিনুল ইসলামসহ সিরাজভান্ডারীর কয়েকজন মুরিদ পর্যটন কেন্দ্রটি নির্মাণ করছেন। এ ব্যাপারে কাজী ফিরোজ রশীদ চৌধুরী মুঠোফোনে বলেন, ‘মাইজভান্ডারী একটি ধর্মীয় প্রতিষ্ঠান। সেই ধর্মীয় প্রতিষ্ঠানে আসা-যাওয়ার সিঁড়ি নির্মাণের জন্য আমার প্রবাসী আত্মীয় টাকা দিয়েছেন। অন্যগুলোর বিষয়ে আমার জানা নাই।’ উপজেলা নির্বাহী প্রকৌশলী এ কে এম আনোয়ারুল হক বলেন, ‘পরিষদ সভার সিদ্ধান্ত ও স্থাপনা নির্মাণের ব্যাপারে আমি কিছুই জানি না। এমন স্থাপনা নির্মাণের কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে প্রকৌশল বিভাগের প্রধান হিসেবে আমাকে জানানো উচিত।’যোগাযোগ করা হলে উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মুছা বলেন, ‘বিষয়টি আমার জানা নেই। তবে সিঁড়ি নির্মাণের বিষয়টি নিশ্চিত করে চেয়ারম্যান বলেন, কর্মচারীরা আমাকে ব্যাপারটি অবহিত করেছে। যদি সেটার কারণে অসুবিধা হয়, তাহলে স্থাপনা নির্মাণ বন্ধ করা হবে।’উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজিয়া শিরিন বলেন, পরিষদের সভায় এই অনুমোদন গ্রহণ করা হয়েছে। স্থানীয় উন্নয়নের জন্য পরিষদ সর্বসমঞ্চতক্রমে সিদ্ধান্ত নিতে পারে। সেখানে কেউ ভিন্নমত পোষণ করেননি। আর এ ব্যাপারে চেয়ারম্যানের অনেক ক্ষমতা রয়েছে।