পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানিতে (পিজিসিএল) আবাসিক গ্যাস-সংযোগের জন্য এ পর্যন্ত আবেদন জমা রয়েছে প্রায় ৪০ হাজার। এর বিপরীতে বাজেট আসছে ১০ থেকে সাড়ে ১০ হাজার সংযোগের। কোম্পানির আর্থিক সংকটের কারণেই সংযোগের এই ছোট বাজেট আসছে বলে কর্মকর্তারা জানিয়েছেন।
পিজিসিএলের কর্মকর্তা সূত্রে জানা গেছে, কোম্পানির বিভিন্ন কার্যালয়ে গ্যাস-সংযোগের জন্য প্রায় ৪০ হাজার ৫০০ আবেদন জমা পড়েছে। প্রতিদিনই আবেদনপত্রের সংখ্যা বাড়ছে। এর মধ্যে শুধু রাজশাহীতেই রয়েছে প্রায় ১৪ হাজার আবেদন। একইভাবে বগুড়ায় পড়েছে ছয় হাজার, পাবনায় সাড়ে চার হাজার, সিরাজগঞ্জে পাঁচ হাজার, বাঘাবাড়িতে তিন হাজার, ঈশ্বরদীতে দুই হাজার এবং উল্লাপাড়া, বেড়া, সাঁথীয়া ও শাহজাদপুর মিলে ছয় হাজার আবেদনপত্র।
রাজশাহী সিটি করপোরেশন নির্বাচন সামনে রেখে গত বছর ৭ জুন তড়িঘড়ি করে গ্যাস-সংযোগ দেওয়া শুরু হয়েছিল। এ জন্য বিনা দরপত্রে পুরাতন ঠিকাদারকে দিয়ে রাইজার উত্তোলনের কাজ শুরু করা হয়। সেই কাজ এখন চলছে খুঁড়িয়ে খুঁড়িয়ে। এ পর্যন্ত রাজশাহীতে মাত্র চার হাজার ৪০০ আবাসিক সংযোগ দেওয়া সম্ভব হয়েছে। এর মধে আগামী (২০১৪-১৫) অর্থবছরে সাড়ে ১০ হাজার রাইজার উত্তোলনের জন্য গত ২২ মে দরপত্র আহ্বান করে পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। ২২ জুন দরপত্র জমা দেওয়ার শেষ তারিখ।
সূত্র জানায়, রাজশাহীতে এসিআই-গোদরেজ কোম্পানির কারখানায় গ্যাস-সংযোগ দেওয়ার কাজ চলছে। এ জন্য ওই কোম্পানি ‘গ্রাহক বিনিয়োগ প্রকল্প’-এর আওতায় গ্যাস-সংযোগের আগেই পাইপলাইন, উপকরণ, নির্মাণব্যয় ও নিরাপত্তা জামানত বাবদ টাকা পরিশোধ করেছে। পিজিসিএলের বাজেটের সীমাবদ্ধতার বিষয়টি এই কোম্পানির ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়ায়নি।
ইতিমধ্যে গ্রাহক বিনিয়োগ প্রকল্পের আওতায় আবাসিক গ্রাহকদের মধ্যে গ্যাসের সংযোগ দেওয়ার দাবি উঠেছে। তারা বলছেন, পাইপলাইনের সবচেয়ে কাছের একজন গ্রাহককে সংযোগ পেতে পাইপলাইন, উপকরণ, নির্মাণব্যয় ও নিরাপত্তা জামানত বাবদ ন্যূনতম ছয় হাজার টাকা দিতে হয়। গ্যাস-সংযোগের প্রশাসনিক অনুমোদনের পরই গ্রাহকদের এই টাকা জমা দিতে হচ্ছে। কোম্পানির একটি সূত্র জানিয়েছে, প্রায় সাড়ে আট হাজার আবেদনকারী টাকা জমা দিয়েছেন।
রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক জামাত খান বলেন, ‘বেশি আবেদন জমা পড়ে থাকলে অবৈধ সংযোগ শুরু হয়ে যাবে। দেশের অন্য এলাকায় যেভাবে অবৈধ সংযোগ হচ্ছে, আমরা চাই না রাজশাহীতে তা চলুক। আমরা চাই, দ্রুত গ্যাস দিয়ে রাজশাহীর মানুষের আশা-আকাঙ্ক্ষা পূরণ করা হোক।’
রাজশাহীতে গ্যাস-সংযোগের জন্য শুরু থেকে কাজ করে যাচ্ছেন স্থানীয় সাংসদ ফজলে হোসেন বাদশা। তিনি বলেন, তিনি শুনেছেন, পিজিসিএলের সাড়ে ১০ হাজার সংযোগ দেওয়ার বাজেট আসছে। তিনি বলেন, কোম্পানি আগামী ডিসেম্বর মাসের মধ্যে এই সংযোগ দিয়ে গ্রাহকের কাছ থেকে যে টাকা পাবে তা দিয়ে আরেকটি সংশোধিত বাজেট করতে পারে৷ তাহলে পরের ছয় মাসের মধ্যে আবার ওই পরিমাণ সংযোগ দিতে পারবে। এক বছর ধরে গ্রাহকদের অপেক্ষা করতে হবে না। রাজশাহীর মানুষের দ্রুত গ্যাস-সংযোগ পাওয়ার জন্য তিনি প্রয়োজনে কোম্পানির কাছে এই প্রস্তাব করবেন। মন্ত্রণালয়ে দেন-দরবার করবেন।
পিজিসিএলের ব্যবস্থাপনা পরিচালক আলী হোসেন বলেন, সরকার গ্যাস-সংযোগ দেওয়া বন্ধ করে দিয়েছিল, আবার তা চালু করেছে৷ আস্তে আস্তে সবাই সংযোগ পাবে। তিনি বলেন, এবার রাইজারের পেছনে তাঁদের প্রায় ১১ কোটি টাকা ব্যয় করতে হচ্ছে৷ এ দিয়ে সর্বোচ্চ সাড়ে ১০ হাজার সংযোগ দেওয়া যাবে। গ্রাহক বিনিয়োগ প্রকল্পের কথা শুনে তিনি বলেন, কোম্পানির তো একটা নীতিমালা রয়েছে। আবাসিক গ্রাহকদের জন্য এটা করা যায় না।