আবেদনপত্র পূরণ নিয়ে উদ্বেগের কারণ নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এসএসসি ও এইচএসসি পরীক্ষার সার্টিফিকেটে মা-বাবা অথবা নিজ নামে গরমিল থাকায় অনেক শিক্ষার্থী অনলাইনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবেদনপত্র পূরণ করতে গিয়ে বিপাকে পড়েছেন। আবার মাদ্রাসা বোর্ডের অধীনে পাস করা অনেক শিক্ষার্থীর বোর্ড থেকে প্রাপ্ত জিপিএ এবং ভর্তির জন্য আবেদন করার পর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের দেওয়া জিপিএতে মিল না থাকায় বিভ্রান্তি হয়েছে। তবে এসব শিক্ষার্থীকে আতঙ্কিত বা উদ্বিগ্ন না হওয়ার পরামর্শ দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক।গতকাল বৃহস্পতিবার নিজ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনি ভর্তি পরীক্ষার জন্য আবেদন করতে গিয়ে দুর্ভোগে পড়া শিক্ষার্থীদের বিভিন্ন সমস্যা ও এর সমাধান তুলে ধরেন। উপাচার্য বলেন, কোনো কোনো শিক্ষার্থীর এসএসসি ও এইচএসসি পরীক্ষার সার্টিফিকেটে মা-বাবা অথবা নিজের নামে গরমিল থাকে। এ কারণে অনলাইনে তাঁদের আবেদনপত্র নেওয়া হচ্ছে না।মাদ্রাসা বোর্ডের শিক্ষার্থীদের সমস্যার বিষয়ে উপাচার্য বলেন, সাধারণ শিক্ষার্থীদের নম্বরপত্রের মতো মাদ্রাসা বোর্ডের শিক্ষার্থীদের নম্বরপত্রেও চতুর্থ বিষয়টি আলাদা থাকে না। এ ক্ষেত্রে মাদ্রাসা বোর্ড থেকে কোনো দিকনির্দেশনা না থাকায় চতুর্থ বিষয় ছাড়া জিপিএ গণনা করতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সমস্যায় পড়ে।উপাচার্য জানান, উদ্ভূত সমস্যা সমাধানে মাদ্রাসা বোর্ডের সঙ্গে যোগাযোগ করলে ৪ অক্টোবর তারা চতুর্থ বিষয়ের কোড নম্বরগুলো জানায়। এখন আর কোনো শিক্ষার্থী এ ধরনের সমস্যায় পড়ছেন না বলে তিনি দাবি করেন। অনলাইনে ফরম ছাড়ার পর গতকাল বুধবার পর্যন্ত শিক্ষার্থীরা এক লাখ ১৫ হাজার ৬৯৮টি ফরম পূরণ করেছেন। এর মধ্যে ৭১ হাজার ৪২ জন ব্যাংকে টাকা জমা দিয়েছেন। তবে ফরম জমা দেওয়ার সময়সীমা বাড়ানো হবে না। সমস্যাগ্রস্ত শিক্ষার্থীরা শুক্র ও শনিবারও রেজিস্ট্রার বিল্ডিংয়ে সরাসরি গিয়ে আবেদন করতে পারবেন। এদিকে আবেদন করার তিন দিনের মধ্যে অনলাইনে প্রবেশপত্র পাওয়ার কথা। এ ক্ষেত্রে কোনো শিক্ষার্থী তাঁর প্রবেশপত্র বা আবেদনের কী অবস্থা, তা জানতে চাইলে বাংলালিংক, সিটিসেল ও ওয়ারিদ থেকে ডিইউ (উট) লিখে তাঁর পিন কোডটি ১৬৩২১ নম্বরে খুদেবার্তার মাধ্যমে পাঠালে আবেদনটি কোন অবস্থানে আছে, তা জানা যাবে।