আবেদনপত্রসহ শিক্ষা কর্মকর্তার ছেলে ও ভাতিজা আটক
জামালপুরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে চাকরি দেওয়ার কথা বলে আবেদনকারীদের কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগে দুই যুবককে আটক করেছে পুলিশ ও র্যা ব। তাঁদের কাছ থেকে চার লাখ ৮৩ হাজার টাকা ও খামে ভরা ১৩টি আবেদনপত্র জব্দ করা হয়েছে। আটক দুজনকে গতকাল সোমবার ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে। আটক যুবকেরা হলেন: জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয়ের উচ্চমান সহকারী আবদুল হালিমের ছেলে মাহমুদুন নবী ওরফে লিংকন ও ভাতিজা মাসুদ রানা।প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সূত্র জানায়, তৃতীয় প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচির (পিইডিপি-৩) আওতায় সরকারি বিদ্যালয়ে প্রাক-প্রাথমিক শিক্ষার জন্য সহকারী শিক্ষক পদে অস্থায়ীভাবে নিয়োগ আহ্বান করেছে। এ নিয়োগের আবেদন করার শেষ তারিখ ২০ ডিসেম্বর। আবেদন গ্রহণের প্রক্রিয়া শেষ না হতেই প্রার্থীদের কাছ থেকে অবৈধভাবে মোটা অঙ্কের টাকা গ্রহণের খবর পায় গোয়েন্দা সংস্থা।সংশ্লিষ্ট একাধিক সূত্রে জানা গেছে, ওই সংস্থার তথ্যের ভিত্তিতে জেলা প্রশাসকের নির্দেশে জেলা প্রশাসনের নির্বাহী হাকিম মো. শফিকুর রহমানের নেতৃত্বে পুলিশ ও র্যা বের একটি দল গতকাল সকালে শহরের পশ্চিম নয়াপাড়ায় একটি মেসে অভিযান চালান। তাঁরা মাসুদ রানাকে আটক করে তাঁর কাছ থেকে প্রাথমিক শিক্ষক নিয়োগের ১৩টি আবেদনপত্র ও ৭০ হাজার টাকা জব্দ করেন। মাসুদ রানার বাড়ি জেলার মেলান্দহ উপজেলার ঝাউগড়া গ্রামে।সূত্র জানায়, মাসুদ রানার স্বীকারোক্তি অনুযায়ী একই এলাকায় তাঁর চাচা জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয়ের উচ্চমান সহকারী আবদুল হালিমের বাসায় অভিযান চালানো হয়। ওই বাসা থেকে মাহমুদুন নবীকে আটক করা হয়। বাসা তল্লাশি করে পাওয়া যায় চার লাখ ১৩ হাজার টাকা ও মাসুদ রানার কাছ থেকে পাওয়া আবেদনপত্রগুলোর একটি তালিকা। অভিযান শেষে জব্দ করা টাকা ও আবেদনপত্রসহ মাহমুদুন নবী ও মাসুদ রানাকে সদর থানায় সোপর্দ করা হয়। অভিযানকারী দলের নির্বাহী হাকিম মো. শফিকুর রহমান প্রথম আলোকে বলেন, টাকার বিনিময়ে চাকরি পাইয়ে দেওয়ার অভিযোগের পরি েপ্রক্ষিতে ওই অভিযান চালানো হয়। আটক ওই দুই যুবকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে সদর থানা পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে। সদর থানায় গিয়ে দেখা গেছে, জব্দ করা আবেদনগুলোর মধ্যে দুটি আবেদনের খামের ওপর ডাক বিভাগের সিলমোহর এবং বাকিগুলো কুরিয়ার সার্ভিসের মাধ্যমে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার বরাবর পাঠানো হয়েছিল। ডাক বিভাগ ও কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠানো আবেদনপত্রগুলো নিজ কার্যালয়ে না এসে কার্যালয়ের বাইরে উচ্চমান সহকারী আবদুল হালিমের ছেলে ও ভাতিজার কাছে কীভাবে যায়—এ প্রসঙ্গে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এম খলিলুর রহমান সরাসরি কোনো কথা বলেননি।খলিলুর বলেন, কার্যালয়ের কারও সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেলে বিভাগীয় শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। অভিযানের সময় বাসায় থাকার কথা স্বীকার করেছেন উচ্চমান সহকারী আবদুল হালিম। তিনি প্রথম আলোর কাছে দাবি করেন, ‘আমার ছেলে কোনো অবস্থায় এসব ঘটনার সঙ্গে জড়িত নয়। ছেলের কাছে পাওয়া টাকাগুলো জমি বিক্রির টাকা।’সদর থানার পরিদর্শক (তদন্ত) মো. নাসিমুল ইসলাম বলেন, আটক দুই যুবককে ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে। জব্দ করা টাকা ও মালামালের একটি তালিকা আদালতে জমা দেওয়া হয়েছে।