প্রগতিশীল ছাত্রজোটের আন্দোলনের মুখে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আসন্ন ২০১৩-১৪ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার আবেদনপত্রের দাম ২৫ টাকা কমানো হয়েছে। গতকাল বুধবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আনোয়ারুল আজিম আরিফের সভাপতিত্বে অনুষ্ঠিত ভর্তি কমিটির জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
এ সিদ্ধান্তের ফলে আবেদনপত্রের দাম দাঁড়াল ৪৭৫ টাকা। এর আগে এ বছর আবেদনপত্রের দাম ১০০ টাকা বাড়িয়ে ৫০০ টাকা করা হয়। এদিকে আজ বৃহস্পতিবার ভোর থেকে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। আগামী ২২ অক্টোবর মধ্যরাত পর্যন্ত আবেদন করা যাবে। অন্যদিকে আগামী ১৬ নভেম্বর থেকে বিশ্ববিদ্যালয়ের আসন্ন ২০১৩-১৪ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা শুরু হবে। আবেদনপত্রের দাম ২৫ টাকা কমানোর বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) সফিউল আলম।
এদিকে আবেদনপত্রের দাম মাত্র ২৫ টাকা কমানোর বিষয়টি প্রত্যাখ্যান করেছেন বিশ্ববিদ্যালয়ের প্রগতিশীল ছাত্রজোটের নেতারা। গতকাল বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের তৃতীয় তলার একটি কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তাঁরা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের এ সিদ্ধান্ত প্রত্যাখ্যান করেন।