আবেদনপত্রের বর্ধিত মূল্য প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ অব্যাহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ২০১২-১৩ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণীতে ভর্তির আবেদনপত্রের বর্ধিত মূল্য প্রত্যাহারের দাবিতে গতকাল মঙ্গলবার প্রশাসনিক ভবন অবরোধ কর্মসূচি পালন করেছে ‘প্রগতিশীল ছাত্রজোট’। এদিকে ‘সি’ ইউনিটের প্রতিটি বিভাগের আবেদনপত্রের মূল্য ৫০ টাকা কমানো হয়েছে।শিক্ষার্থী ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, গতকাল সকাল ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের পরিবহন চত্বর থেকে আবেদনপত্রের বর্ধিত মূল্য প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ মিছিল বের করেন ‘প্রগতিশীল ছাত্রজোটের’ নেতা-কর্মীরা। মিছিল শেষে সকাল সাড়ে ১০টার দিকে তাঁরা প্রশাসনিক ভবন অবরোধ কর্মসূচি শুরু করেন। বেলা দেড়টা পর্যন্ত এ কর্মসূচি পালন করা হয়। কর্মসূচি চলাকালে দাবির যৌক্তিকতা তুলে ধরে বক্তব্য দেন বাংলাদেশ ছাত্র ইউনিয়নের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি সৌমিত চন্দ জয়দ্বীপ, সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক মৈত্রী বর্মণ, সাধারণ সম্পাদক ধীমান মল্লিক প্রমুখ।এর আগে শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে ১০টার দিকে উপাচার্য মো. আনোয়ার হোসেনের সভাপতিত্বে কেন্দ্রীয় ভর্তি পরিচালনা কমিটির জরুরি সভা হয়। সভা শেষে উপাচার্য তাঁর কার্যালয়ে প্রথমবারের মতো মুঠোফোনে খুদেবার্তার (এসএমএস) মাধ্যমে ভর্তি পরীক্ষার আবেদন-পদ্ধতির উদ্বোধন করেন। পরে সেখানে উপস্থিত সাংবাদিকদের উপাচার্য জানান, ‘সি’ ইউনিটের বিভাগভিত্তিক পরীক্ষায় প্রতিটি বিভাগের আবেদনপত্রের মূল্য ২০০ টাকার পরিবর্তে ১৫০ টাকা পুনর্নির্ধারণ করা হয়েছে। তবে অন্যান্য ইউনিটের আবেদনপত্রের মূল্য অপরিবর্তিত রয়েছে।অবরোধ কর্মসূচি শেষে বিশ্ববিদ্যালয়ের বটতলা এলাকায় জড়ো হন প্রগতিশীল ছাত্রজোটের নেতা-কর্মীরা। পরে তাঁরা প্রশাসনের এ সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে আজ বুধবার একই দাবিতে বিক্ষোভ মিছিলের ঘোষণা দেন।