জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ২০১২-১৩ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণীতে ভর্তির আবেদনপত্রের বর্ধিত মূল্য প্রত্যাহারের দাবিতে গতকাল রোববারও বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ‘প্রগতিশীল ছাত্র জোট’ ও ‘সাধারণ ছাত্র সংগ্রাম পরিষদ’।গতকাল বেলা তিনটার দিকে বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করে সাধারণ ছাত্র সংগ্রাম পরিষদ।একই দাবিতে সন্ধ্যা সাতটার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রান্তিক গেইট থেকে বিক্ষোভ মিছিল বের করে প্রগতিশীল ছাত্র জোট। মিছিলটি ক্যাম্পাস প্রদক্ষিণ করে বিশ্ববিদ্যালয়ের পরিবহন চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে সমাবেশে বক্তব্য দেন প্রগতিশীল ছাত্র জোটের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক মৈত্রী বর্মণ, সাধারণ সম্পাদক ধীমান মল্লিক, বাংলাদেশ ছাত্র ইউনিয়নের বিশ্ববিদ্যালয় শাখার সহসাধারণ সম্পাদক তন্ময় ধর প্রমুখ। সমাবেশে দাবি আদায়ে আজ সোমবার বেলা ১১টা থেকে ক্লাস বর্জন ও কাল মঙ্গলবার প্রশাসনিক ভবন অবরোধের ঘোষণা দেওয়া হয়।