আবেদনের অযোগ্য ৫ প্রার্থীকে মৌখিক পরীক্ষার সুযোগ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিশ্বধর্ম ও সংস্কৃতি বিভাগের প্রভাষক নিয়োগে বিজ্ঞপ্তির শর্ত লঙ্ঘন করে পাঁচ প্রার্থীকে মৌখিক পরীক্ষায় ডাকা হয়েছে। অভিযোগ রয়েছে, বিভাগের এক শিক্ষকের স্ত্রীকে নিয়োগ দেওয়ার লক্ষ্যে তাঁদের সাক্ষাৎকারে ডাকার সুপারিশ করেছে বিভাগের সমন্বয় ও উন্নয়ন কমিটি (সিঅ্যান্ডডি)।
গত ২০ ফেব্রুয়ারি একটি জাতীয় দৈনিকে সহকারী অধ্যাপকের ছুটিজনিত শূন্যপদের বিপরীতে একজন অস্থায়ী প্রভাষক নিয়োগের বিজ্ঞপ্তি দেওয়া হয়। সেখানে আবেদনকারীর যোগ্যতা হিসেবে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষায় জিপিএ-৫ এর মধ্যে ন্যূনতম ৪ দশমিক ২৫ এবং স্নাতক ও স্নাতকোত্তর পরীক্ষায় ন্যূনতম জিপিএ ৩.৫০ বা প্রথম শ্রেণি থাকতে হবে বলে উল্লেখ করা হয়।
বিভাগের শিক্ষকদের কয়েকজন অভিযোগ করেন, আবেদনকারী একজনের মাধ্যমিক পরীক্ষার ফল ৩ দশমিক ৭৫, উচ্চমাধ্যমিকে ৩ দশমিক ৮০। স্নাতক ও স্নাতকোত্তরে তাঁর প্রথম শ্রেণি রয়েছে। তাঁকে নিয়োগ দিতেই সিঅ্যান্ডডি বাকি চারজনকেও সাক্ষাৎকারে ডাকার সুপারিশ করেছে। উল্লেখ, ওই প্রার্থী বিভাগের একজন প্রভাষকের স্ত্রী।
সূত্র জানায়, গত ১৬ মার্চ পর্যন্ত এ পদে অন্তত ১২টি আবেদন জমা পড়ে। এর মধ্যে ১০ জনকে সাক্ষাৎকারে ডাকা হয়। ২ জুলাই নিয়োগ বোর্ড বসার কথা থাকলেও বসেনি। আজ বৃহস্পতিবার সকালে বোর্ড বসার কথা রয়েছে।
এই ১০ জনের শিক্ষাগত যোগ্যতা বিশ্লেষণ করে দেখা যায়, পাঁচজনেরই মাধ্যমিক বা উচ্চমাধ্যমিকে জিপিএ ৪ দশমিক ২৫ নেই।
বিভাগের একাধিক প্রাক্তন শিক্ষার্থী প্রথম আলোকে বলেন, বিজ্ঞপ্তিতে উল্লেখিত যোগ্যতার বাইরে আবেদন করা যাবে জানলে তাঁরাও আবেদন করতেন।
জানতে চাইলে বিভাগের চেয়ারম্যান মোহাম্মদ ইলিয়াস বলেন, সিঅ্যান্ডডি কমিটির সদস্যরা যেকোনো ধরনের ঝামেলা এড়াতে সবাইকে সুপারিশ করেছেন। প্রভাষকের স্ত্রীর নিয়োগ প্রসঙ্গে জানতে চাইলে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।
নিয়োগ বোর্ডের প্রধান ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য (শিক্ষা) নাসরিন আহমাদ বলেন, কেবল মাধ্যমিক বা উচ্চমাধ্যমিক পরীক্ষার ফল দিয়ে কারও যোগ্যতা নির্ধারণ করা যায় না। যাঁদের সাক্ষাৎকারে ডাকা হয়েছে, তাঁরা সবাই এই বিভাগে চার বছর পড়াশোনা করেছেন। তাঁদের মধ্যে যে বেশি যোগ্য তাঁকে নিয়োগ দেওয়া হবে।