আবেদনের ওপর শুনানি চলছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ড. মুহাম্মদ ইউনূসকে অপসারণে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়নি। এতে তিনি ন্যায়বিচার (ন্যাচারাল জাস্টিস) থেকে বঞ্চিত হয়েছেন। এমনকি হাইকোর্টও রুল জারি করেননি। রিট খারিজ করে হাইকোর্টের দেওয়া আদেশে বড় ধরনের ভুল রয়েছে। গতকাল মঙ্গলবার দ্বিতীয় দিনের শুনানিতে ইউনূসের পক্ষের আইনজীবীরা এসব যুক্তি তুলে ধরেন।অন্যদিকে রাষ্ট্রপক্ষ ও বাংলাদেশ ব্যাংকের আইনজীবীরা বলেন, গ্রামীণ ব্যাংকের একজন কর্মকর্তা হিসেবে ৬০ বছরের বয়সসীমা ইউনূসের ক্ষেত্রে প্রযোজ্য হবে। বয়সের কারণে চাকরিতে অবসরের আগে নোটিশ দেওয়ার বিধান নেই।আপিল অনুমতির আবেদন (লিভ টু আপিল) খারিজ করে আপিল বিভাগের দেওয়া অস্বাক্ষরিত আদেশ প্রত্যাহার এবং পুনরায় একসঙ্গে লিভ টু আপিলের (নয়জন পরিচালকের) ওপর শুনানির জন্য ইউনূসের করা আবেদনের ওপর শুনানি চলছে। প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হকের নেতৃত্বে গঠিত সাত বিচারপতির পূর্ণাঙ্গ বেঞ্চে এ শুনানি হয়। আজও শুনানি হবে।গতকাল আদালতে ইউনূসের পক্ষে আইনজীবী ড. কামাল হোসেন ও রোকনউদ্দিন মাহমুদ এবং নয়জন পরিচালকের পক্ষে আইনজীবী সারা হোসেন শুনানিতে অংশ নেন। রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম এবং বাংলাদেশ ব্যাংকের পক্ষে তৌফিক নেওয়াজ শুনানি করেন। এ সময় ইউনূসের পক্ষে আইনজীবী মাহমুদুল ইসলাম, মুস্তাফিজুর রহমান ও তানিম হোসেইন উপস্থিত ছিলেন।রোকনউদ্দিন মাহমুদ বলেন, ইউনূসকে অব্যাহতি দিয়ে বাংলাদেশ ব্যাংকের চিঠি এখতিয়ারবহির্ভূত। গ্রামীণ ব্যাংকের পরিচালনা পর্ষদ ব্যবস্থাপনা পরিচালকের বয়সের সময়সীমা বেঁধে দেয়নি। পরিচালনা পর্ষদ নতুন সিদ্ধান্ত না নেওয়া পর্যন্ত তিনি এ পদে থাকতে পারবেন। মাহবুবে আলম বলেন, ইউনূস গ্রামীণ ব্যাংকের একজন কর্মী। কর্মী বলতে কর্মকর্তা-কর্মচারী বোঝায়। ব্যবস্থাপনা পরিচালক একজন কর্মকর্তা। ১৯৯৯ সালে বোর্ড সভায় তাঁর বয়স নিয়ে আলোচনা হয়। ২০১০ সালের জুনে তাঁর বয়স ৭০ বছর পূর্ণ হলে তিনি নিজেও অবসরে যাওয়ার কথা বলেন। একজন ব্যক্তির ক্ষেত্রে বয়সসীমা থাকবে না, এটা হতে পারে না। তিনি আরও বলেন, লিভ টু আপিল খারিজ হয়েছে। আদেশ প্রত্যাহার (রি-কল) চেয়ে আবেদনের সুযোগ নেই।কামাল হোসেন বলেন, আপিল বিভাগের অস্বাক্ষরিত আদেশ প্রত্যাহার চাওয়া হয়েছে। আদালতের বিষয়টি দেখার এখতিয়ার রয়েছে। হাইকোর্টের রায়ে বড় ধরনের ভুল ছিল। হাইকোর্ট বলেছেন, রিট করার এখতিয়ার নেই। এ ছাড়া কারণ দর্শানো নোটিশ ছাড়াই ইউনূসকে অপসারণের কথা বলা হয়েছে। এতে তিনি ন্যাচারাল জাস্টিস থেকে বঞ্চিত হয়েছেন।বাংলাদেশ ব্যাংকের আইনজীবী তৌফিক নেওয়াজ বলেন, ইউনূসের পুনর্নিয়োগের ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংকের পূর্বানুমোদনের প্রয়োজন ছিল। নয়জন পরিচালকের আইনজীবী সারা হোসেন বলেন, গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের অব্যাহতি বা নিয়োগের ক্ষমতা পরিচালনা পর্ষদের, বাংলাদেশ ব্যাংকের নয়।