বাংলাদেশিদের জন্য থাইল্যান্ডের ভিসা নীতিতে কোনো পরিবর্তন হয়নি বলে জানিয়েছেন বাংলাদেশে রয়্যাল থাই দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স পাশতি সুদাবুদ্দি। তিনি বলেছেন, কাগজপত্র ঠিক থাকলে ভিসার আবেদন করার দুই থেকে তিন দিনের মধ্যে থাইল্যান্ডের ভিসা পাওয়া যাবে।
গতকাল রোববার সকালে জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে আয়োজিত সংবাদ সম্মেলনে পাশতি সুদাবুদ্দি এ কথা বলেন। থাইল্যান্ড সপ্তাহ শুরু উপলক্ষে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলনে বলা হয়, রাজধানী ঢাকার বসুন্ধরার ইন্টারন্যাশনাল কনভেনশন সিটিতে ১৬ থেকে ১৯ মার্চ চার দিনব্যাপী এই প্রদর্শনী অনুষ্ঠিত হবে। ডিপার্টমেন্ট অব ইন্টারন্যাশনাল ট্রেড প্রমোশন (ডিআইটিপি), বাণিজ্য মন্ত্রণালয়, রয়্যাল থাই সরকার ও রয়্যাল থাই দূতাবাস যৌথভাবে এর আয়োজন করছে। প্রদর্শনীটি ১৮ ও ১৯ মার্চ সবার জন্য উন্মুক্ত থাকবে।