আবেদনের পাঁচ মাসেও তথ্য পাননি সাংবাদিকেরা
বান্দরবানে তথ্য অধিকার আইন অনুযায়ী, আবেদন করে পাঁচ মাসেও সাংবাদিকেরা জেলা প্রশাসনের কাছ থেকে ভূমিসংক্রান্ত তথ্য পাননি। তথ্যগুলো কবে পাওয়া যাবে তা সংশ্লিষ্ট কেউ বলতে পারছে না। তথ্য অধিকার আইনে আবেদনের ২০ কার্য দিবসের মধ্যে তথ্য সরবরাহের বাধ্যবাধকতা রয়েছে। জানা গেছে, গত বছরের নভেম্বরে যায় যায় দিন, সমকালসহ কয়েকটি পত্রিকার স্থানীয় সাংবাদিকেরা জেলা প্রশাসকের কাছে বান্দরবানে বিভিন্ন কোম্পানি, বহিরাগত ব্যক্তি ও সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নামে এ যাবৎ কী পরিমাণ ভূমি ইজারা, বন্দোবস্ত, ক্রয়-বিক্রয় সূত্রে হস্তান্তর করা হয়েছে সেসব তথ্য পাওয়ার জন্য আবেদন করেছিলেন। এ প্রতিবেদকও গত ১১ নভেম্বর ভূমিসংক্রান্ত কিছু তথ্য পাওয়ার জন্য আবেদন করেছিলেন। আবেদনের প্রায় দুই মাস পর গত ৫ জানুয়ারি জেলা প্রশাসকের কার্যালয়ের তথ্য ও অভিযোগ শাখা কর্মকর্তা ও ১২ জানুয়ারি বান্দরবান সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তথ্য চেয়ে ভূমি অফিসসহ সংশ্লিষ্ট শাখাগুলোতে চিঠি পাঠান। এরপর জেলা প্রশাসকের কার্যালয়ে অসংখ্যবার যোগাযোগ করেও ওই সব তথ্য পাওয়া যায়নি। এ অবস্থায় গত ১১ মার্চ আবারও তথ্যগুলো কবে সরবরাহ করা হবে তা জানার জন্য এ প্রতিনিধি জেলা প্রশাসকের কাছে লিখিতভাবে আবেদন করেন। সংশ্লিষ্ট ব্যক্তিরা জানিয়েছেন, তথ্যের জন্য সাংবাদিকদের আবেদনের চার মাস পর জেলা প্রশাসক মিজানুর রহমান গত ৩১ মার্চ বিভাগীয় কমিশনারের কাছে সাংবাদিকদের চাওয়া তথ্য প্রদানের বিষয়টি নিষ্পত্তির জন্য দিকনির্দেশনা চেয়ে চিঠি লিখেছেন। এতে তিনি লিখেছেন, ভূমিবিষয়ক ও অন্যান্য এমন কিছু তথ্য চাওয়া হয়েছে যা বিদ্যমান তথ্যভাণ্ডার থেকে খুঁজে পেতে ন্যূনতম তিন মাস বা তারও অধিক সময়ের প্রয়োজন। এ ছাড়া আইনটির এখনো কোনো বিধি প্রণয়ন করা হয়নি। জেলা প্রশাসকের কার্যালয়ের তথ্য সরবরাহে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আনিসুল ইসলাম গত বুধবার প্রথম আলোকে জানান, তথ্য সরবরাহের জন্য বিভাগীয় কমিশনারের কাছে যে চিঠি লেখা হয়েছে তার উত্তর পাওয়া যায়নি। উত্তর পেলে এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।