আবেদনের শুনানি গ্রহণে বিব্রত চেম্বার বিচারপতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০০৮ সালে কেনা তরঙ্গের বিপরীতে গ্রামীণফোনের (জিপি) কাছে ২৩৬ কোটি ৮০ লাখ টাকা দাবির বিষয়ে হাইকোর্টের আদেশের বিরুদ্ধে টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থার (বিটিআরসি) করা আবেদন শুনানি গ্রহণে বিব্রত বোধ করেছেন আপিল বিভাগের অবকাশকালীন চেম্বার বিচারপতি। হাইকোর্টের আদেশে স্থগিতাদেশ চেয়ে গত সোমবার বিটিআরসি এ আবেদন করে।সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, গতকাল মঙ্গলবার আপিল বিভাগের অবকাশকালীন চেম্বার বিচারপতি মো. ইমান আলী আবেদন শুনানি গ্রহণে বিব্রত বোধ করেন। এ প্রেক্ষাপটে বিষয়টি এখন প্রধান বিচারপতির কাছে যাবে। প্রধান বিচারপতি অপর চেম্বার বিচারপতির কাছে বিষয়টি শুনানির জন্য পাঠাবেন। গত ১৭ অক্টোবর বিটিআরসি জিপিকে প্রতিষ্ঠানটির লাইসেন্স নবায়ন ও স্পেকট্রাম ফি পরিশোধের বিষয়ে চিঠি দেয়। এতে ‘লাইসেন্স ও স্পেকট্রাম ফি’র জন্য প্রদেয় টাকা থেকে কোনো ভ্যাট ও ট্যাক্স কর্তন না করতে বলা হয়। চিঠিতে দাবিকৃত তিন হাজার ৬২৪ কোটি তিন লাখ টাকার মধ্যে, ২০০৮ সালে কেনা তরঙ্গের ৭ দশমিক ৪ মেগাহার্টজ তরঙ্গের ওপর ‘মার্কেট কম্পিটিশন ফ্যাক্টর (এমসিএফ)’ যোগ করে অতিরিক্ত ২৩৬ কোটি ৮০ লাখ টাকা পরিশোধ করতে বলা হয়। চিঠির এই অংশের বৈধতা চ্যালেঞ্জ করে জিপির করা এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে ২৬ অক্টোবর হাইকোর্টের দ্বৈত বেঞ্চ রুল জারির পাশাপাশি চিঠির উল্লিখিত অংশের কার্যকারিতা স্থগিত করেন। সূত্র জানায়, আদালতে বিটিআরসির পক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ও খন্দকার রেজা-ই রাকিব। গ্রামীণফোনের পক্ষে উপস্থিত ছিলেন আইনজীবী আনিসুল হক, শেখ ফজলে নূর তাপস ও মোহাম্মদ মেহেদী হাসান চৌধুরী।মেহেদী হাসান চৌধুরী প্রথম আলোকে বলেন, অবকাশকালীন চেম্বার বিচারপতি শুনানি গ্রহণে বিব্রত বোধ করেন। বিটিআরসির আবেদনের শুনানি হয়নি। ফলে হাইকোর্টের আদেশ এখনো বহাল আছে।