আবেদনের শুনানি শেষ, যমুনা ফিউচার পার্ক নিয়ে আজ আদেশ
যমুনা ফিউচার পার্ক কর্তৃপক্ষের করা আবেদনের ওপর শুনানি গ্রহণ শেষ করেছেন আপিল বিভাগ। এ বিষয়ে আজ বৃহস্পতিবার আদেশ দেওয়া হবে। ফিউচার পার্কের রিট খারিজ করে হাইকোর্টের দেওয়া রায়ের স্থগিতাদেশ চেয়ে এই আবেদন করা হয়েছিল।গতকাল বুধবার প্রধান বিচারপতি মোহাম্মদ ফজলুল করিমের নেতৃত্বে গঠিত ছয় বিচারপতির পূর্ণাঙ্গ বেঞ্চ উভয় পক্ষের শুনানি শেষে আদেশের এই ক্ষণ নির্ধারণ করেন।জানা যায়, গত ১৩ জানুয়ারি রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) যমুনা ফিউচার পার্ক কর্তৃপক্ষকে সাত দিনের মধ্যে অননুমোদিত অংশ অপসারণ করার নির্দেশ দিয়ে চূড়ান্ত নোটিশ দিয়েছিল। এর বৈধতা চ্যালেঞ্জ করে ১৮ জানুয়ারি পার্ক কর্তৃপক্ষ হাইকোর্টে রিট করে। এরপর গত ৩ ফেব্রুয়ারি হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ রিট খারিজ করে রায় দেন। পরদিন রাজউক যমুনা ফিউচার পার্কের অননুমোদিত অংশ ভাঙার কাজ শুরু করে। ওই দিনই যমুনা কর্তৃপক্ষ আপিল বিভাগে হাইকোর্টের রায়ের কার্যকারিতা স্থগিতের জন্য আবেদন করে। বিষয়টি অবগত হওয়ার পর গত ৫ ফেব্রুয়ারি রাজউক যমুনার অননুমোদিত অংশ ভাঙার কাজ বন্ধ করে। পরে গত ৭ ফেব্রুয়ারি আপিল বিভাগের চেম্বার বিচারপতি রায়ে স্থগিতাদেশ চেয়ে যমুনা কর্তৃপক্ষের করা আবেদনটি আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে শুনানির জন্য পাঠিয়ে দেন। গতকাল এ আবেদনের ওপর শুনানি হয়।আদালতে সরকারপক্ষে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ও যমুনা কর্তৃপক্ষের আইনজীবী রফিক উল হক শুনানি করেন। এ সময় রাজউকের পক্ষে আইনজীবী এ এফ এম মেজবাহউদ্দিন এবং যমুনার পক্ষে ড. এম জহির, আনিসুল হক, আবদুল মতিন খসরু ও আহসানুল করিম উপস্থিত ছিলেন। গতকালের শুনানি: শুনানিতে অংশ নিয়ে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেন, ভবন নির্মাণের জন্য ছয়তলা পর্যন্ত নকশায় অনুমোদন দেওয়া হয়েছে। কিন্তু দশতলা পর্যন্ত ভবন নির্মাণ করা হয়েছে। এ জন্য অনুমোদন নেওয়া হয়নি। র্যাংগস ভবন মামলার নজির তুলে ধরে অ্যাটর্নি জেনারেল বলেন, ওই ক্ষেত্রে অননুমোদিত অংশ ভেঙে ফেলা হয়েছিল। শুনানির একপর্যায়ে আদালত মন্তব্য করেন, ভবন নির্মাণের শর্ত হচ্ছে নকশার অনুমোদন করতে হবে। সকাল সাড়ে নয়টায় শুনানির শুরুতে যমুনার আইনজীবী রফিক উল হক বলেন, ভবন ভাঙার আগে কারণ দর্শানোর নোটিশ ও ব্যক্তিগতভাবে শুনানির সুযোগ দিতে হবে। কিন্তু ইমারত নির্মাণ আইনের ৩(খ)-এর এই বিধান দুটি অনুসরণ করা হয়নি। ২০০৮ সালে বিধি সংশোধন হওয়ায় আপিলে যমুনার প্রতিকার পাওয়ার সুযোগ নেই। যদিও যমুনা রাজউকে আপিল করেছে। তাই রিট খারিজ করা যথোপযুক্ত হয়নি। উভয় পক্ষের শুনানি শেষে সকাল ১০টা ৫৫ মিনিটে আদালত বলেন, আগামীকাল আদেশের জন্য রাখা হলো।