আবেদনের সাড়ে তিন মাস পরও তথ্য পাওয়া যায়নি
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলায় অগ্রণী ব্যাংক লিমিটেডের শাখায় তথ্য অধিকার আইনে তথ্য চেয়ে লিখিত আবেদন করার সাড়ে তিন মাস পার হলেও তথ্য পাওয়া যায়নি।
গত বুধবার তথ্য চাইতে গেলে অগ্রণী ব্যাংকের ওই শাখার ব্যবস্থাপক (ম্যানেজার) সামশুল আলম বলেন, ‘তথ্য দেওয়ার বিষয়ে সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) আমাকে এখনো কোনো নির্দেশ দেননি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছ থেকে লিখিত অনুমোদন পেলে তথ্য সরবরাহ করব। আপনার বারবার আসার দরকার নেই, খবর হলে আমিই আপনাকে জানাব।’
২০১০ সালের জানুয়ারি থেকে ২০১২ সালের মে মাস পর্যন্ত বিতরণ করা পণ্য ঋণ (সিসি) গ্রাহকের নাম, পণ্য ঋণের পরিমাণ, ঋণ দেওয়ার তারিখ ও আবেদনের দিন পর্যন্ত ঋণ আদায়ের পরিমাণ জানতে চেয়ে গত ২২ মে অগ্রণী ব্যাংক পীরগঞ্জ শাখা ব্যবস্থাপকের কাছে তথ্য অধিকার আইন অনুযায়ী নির্ধারিত ফরমে আবেদন করেন প্রথম আলোর পীরগঞ্জ প্রতিনিধি কাজী নুরুল ইসলাম। আবেদন করার ১৫ দিনের মধ্যে তথ্য দেওয়ার নিয়ম থাকলেও এই ব্যবস্থাপক তা করেননি। বরং এক মাস আট দিনের মাথায় ৩০ জুন তিনি এ প্রতিনিধিকে লিখিতভাবে জানান, ‘আপনার আবেদনের পরিপ্রেক্ষিতে তথ্য সরবরাহের অনুমতি চেয়ে ঠাকুরগাঁও আঞ্চলিক কার্যালয়ের এজিএম বরাবর পত্র দেওয়া হয়। এখন পর্যন্ত কোনো জবাব পাওয়া যায়নি। জবাব পাওয়ামাত্রই আপনাকে তথ্য সরবরাহ করা হবে।’ ৩০ জুনের পর এ পর্যন্ত একাধিকবার ব্যবস্থাপকের কাছে গিয়ে তথ্য চাওয়া হলেও তিনি প্রতিবার একই কথা জানান।
এ বিষয়ে অগ্রণী ব্যাংক ঠাকুরগাঁও অঞ্চলের এজিএম সহিদুল ইসলাম গত বুধবার মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘কেন! ম্যানেজার সাহেব আপনাকে তথ্য দেননি? আমি তাঁর সঙ্গে বিষয়টি নিয়ে কথা বলব।’