মৌলভীবাজারের জুড়ী উপজেলায় বনের গাছ কাটা ও পরিবহন নিয়ে স্থানীয় লোকজনের সঙ্গে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও বন বিভাগের বিরোধ মীমাংসার লক্ষ্যে মতবিনিময় সভা হয়েছে। এতে আবেদন করার ১২ কার্যদিবসের মধ্যে গাছ কাটার অনুমতি মিলবে বলে সিদ্ধান্ত দেওয়া হয়েছে।
৫২ বিজিবি ব্যাটালিয়ন গতকাল শনিবার বিকেলে উপজেলার ফুলতলা ইউনিয়ন পরিষদ (ইউপি) কার্যালয়ে এ সভার আয়োজন করে।
বন বিভাগ ও বিজিবি সূত্রে জানা গেছে, ২০১১ সালের বনজ দ্রব্য পরিবহন (নিয়ন্ত্রণ) বিধি অনুযায়ী, ব্যক্তিমালিকানাধীন জমি থেকে বিনা রাজস্বে গাছ কর্তনে অনুমতি পেতে বিভাগীয় বন কর্মকর্তার কাছে আবেদন করতে হয়। । কিন্তু বন বিভাগের অনুমতি প্রদানে দীর্ঘসূত্রতার কারণে এ ব্যাপারে লোকজনের আগ্রহ কমে যায়। স্থানীয় লোকজন সংশ্লিষ্ট এলাকার ইউপি চেয়ারম্যানের কাছ থেকে গাছের মালিকানার সনদ নিয়ে গাছ কর্তন ও পরিবহন করেন। গাছ পরিবহনের সময় বিজিবি ও বন বিভাগের লোকজনের সঙ্গে প্রায়ই এলাকাবাসীর বিরোধ ঘটে।
সভায় বিজিবির অধিনায়ক লে. কর্নেল নেয়ামুল কবীর ও সহকারী বন সংরক্ষক রাজেশ চাকমা বলেন, ইউপি চেয়ারম্যানের কাছ থেকে সনদ নিয়ে গাছ কর্তন ও পরিবহনের কোনো নিয়ম নেই। আইন মেনে সবাইকে চলতে হবে। আবেদনের ১২ কার্যদিবসের মধ্যেই গাছ কর্তন ও পরিবহনের অনুমতি পাওয়া যাবে।