আব্দুর রাজ্জাকের বইয়ের রাজে৵

ধানমন্ডি ৭/এ-এর রবীন্দ্রসরোবরের এ পাশটায় সারা দিনই জটলা। ভরদুপুরেও কমতি নেই তাতে। এর সামনেই বাড়ি নম্বর ৬০।
এই বাড়িটার দোতলাজুড়ে ‘জ্ঞানতাপস আব্দুর রাজ্জাক বিদ্যাপীঠ’। রাজধানী ঢাকার উজ্জ্বল পাঠাগারগুলোর একটি। সংস্কৃতি ও ইতিহাসচর্চায় জাতীয় অধ্যাপক আব্দুর রাজ্জাক এই অঞ্চলে একটি শ্রদ্ধেয় নাম। সারা জীবন ব্যয় করেছেন শুধু জ্ঞানের অন্বেষণে। সংস্কৃতি, ইতিহাসসহ বিচিত্র বিষয়ে আগ্রহ ছিল তাঁর। যাঁকে নিয়ে আহমদ ছফা লিখেছেন যদ্যপি আমার গুরু।
অধ্যাপক আব্দুর রাজ্জাক প্রয়াত হন ১৯৯৯ সালে। মৃত্যুর পর তাঁর ভাতিজা বেঙ্গল ফাউন্ডেশনের চেয়ারম্যান আবুল খায়ের লিটুর হাতে আসে তাঁর বইগুলো। প্রায় ছয় হাজার বই কীভাবে মানুষের কাজে লাগতে পারে, সেই উপায় খুঁজতে গিয়ে গঠন করা হয় আব্দুর রাজ্জাক ফাউন্ডেশন। আর এই ফাউন্ডেশনের অধীনেই যাত্রা শুরু করে আব্দুর রাজ্জাক বিদ্যাপীঠ, ২০১৫ সালের ৯ নভেম্বর।
গত ২৭ মার্চ সোমবার বেলা ১১টায় নাম এন্ট্রি করে আব্দুর রাজ্জাক বিদ্যাপীঠে পৌঁছাই। চারদিক খোলামেলা। প্রচুর আলো-বাতাসের ব্যবস্থা। দেয়ালে শেখ আফজালের আঁকা আব্দুর রাজ্জাকের পোর্ট্রেট। চারটি সুপরিসর কক্ষ বইয়ে ঠাসা। একটি কক্ষে পড়ার ব্যবস্থা। আছে ইন্টারনেট সংযুক্ত কম্পিউটার। পাঠকদের ব্যবহারের জন্য।
আব্দুর রাজ্জাক ছিলেন রাষ্ট্রবিজ্ঞানের মানুষ। এর বাইরে ধর্ম, সংস্কৃতি, ইতিহাস, সমাজবিজ্ঞান, নৃবিজ্ঞান, অর্থনীতি, পদার্থ, রসায়ন, জীববিজ্ঞানের বইয়ের কমতি নেই। পাশাপাশি অসংখ্য প্রখ্যাত মানুষের জীবনী আছে এই জ্ঞানভান্ডারে।
স্পষ্ট করে বললে আব্দুর রাজ্জাক সারা জীবন যত বই পড়েছেন, যত বই সংগ্রহ করেছেন, তার বেশির ভাগ বই আছে এই পাঠাগারে। এই পাঠাগারে যিনি আসেন, তিনি আব্দুর রাজ্জাককে জানা ও বোঝার জন্যই আসেন।
বইয়ের বাইরে আছে টাইম, ইকোনমিস্ট, ইন্ডিয়া টুডে, ফরচুন, ন্যাশনাল জিওগ্রাফিক-এর মতো জার্নাল।
এই পাঠাগারের সদস্য হতে কোনো পয়সাকড়ি লাগে না। কেবল দুই কপি ছবি আর জাতীয় পরিচয়পত্রের ফটোকপি। সদস্য হওয়ার এক বছর পর করতে হয় নবায়ন। এখন পাঠক সংখ্যা ১৭০ জন। সপ্তাহের সাত দিনই খোলা থাকে পাঠাগারটি। সকাল ৯টা থেকে রাত ৮টা পর্যন্ত। দায়িত্ব পালনের জন্য আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগার ও তথ্যবিজ্ঞান বিভাগ থেকে স্নাতকোত্তর চারজন অভিজ্ঞ কর্মী।
পাঠাগারটি নিয়ে পাঠকদের ভাবনা জানা গেল মন্তব্য খাতায়। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় থেকে স্বপ্নিল নামের একজন লিখেছেন, ‘ঢাকার সবচেয়ে নান্দনিক নকশার পাঠাগার এটি।’ সানজিদা ইতি লিখেছেন, ‘সুন্দর ব্যবস্থাপনা। এর সংগ্রহ সত্যিই সমৃদ্ধ।’ নাম অস্পষ্ট একজন লিখেছেন, ‘অধ্যাপক রাজ্জাককে যাঁরা চিনতেন, তাঁদের সঙ্গেও পরিচিত হওয়ার সুযোগ চাই।’ তবে মন্তব্য খাতায় অনেকেই বই বাসায় নেওয়ার সুযোগ চেয়েছেন। যে সুযোগ এখানে নেই। কারও কারও দাবি বাংলা বইয়ের সংগ্রহ আরও বাড়ানোর।
পাঠকের উপস্থিতি কেমন, জানতে চাইলে ‘লাইব্রেরি ম্যানেজার’ রাজিয়া সুলতানা বললেন, সকালের দিকে ছাত্রছাত্রীদের আনাগোনা। বিশেষ করে আশপাশের বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছেলেমেয়েরা আসেন ক্লাসের ফাঁকে। আর বিকেলে চাকরিজীবী, অবসরজীবীরা।’ তবে হতাশাও লুকিয়ে রাখেননি তিনি, রবীন্দ্রসরোবরের আশপাশের অনেকেই জানে না এখানে একটি পাঠাগার আছে।
আব্দুর রাজ্জাক ফাউন্ডেশনের পরিচালক যুক্তরাষ্ট্রের ব্ল্যাক হিলস স্টেট ইউনিভার্সিটির ইমেরিটাস অধ্যাপক আহরার আহমেদ। মুঠোফোনে বললেন পাঠাগারটি নিয়ে তাঁর ভাবনার কথা। ‘এটি কেবল একটি পাঠাগার হিসেবে না থাকুক, এটি হোক চিন্তার উন্মুক্ত কেন্দ্রবিন্দু। হোক একটি রিসোর্স সেন্টার। এমনই প্রত্যাশা আমাদের।’ তাঁর আহ্বান, ‘যার বাড়িতে বিজ্ঞান, দর্শনের প্রচুর মূল্যবান বই পড়ে আছে, যেকোনো কারণে হোক বইগুলোর যদি সঠিক ব্যবহার না হয়, তিনি বইগুলো আব্দুর রাজ্জাক বিদ্যাপীঠে দিতে পারেন। আমরা দাতার নাম উল্লেখ করে বইগুলো আমাদের পাঠাগারে রাখতে পারি, যাতে সত্যিই তা মানুষের কাজে লাগে।’