
বিএনপির সাবেক মন্ত্রী আবদুল আলীমের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলার রায় যেকোনো দিন হতে পারে।
বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ আজ রোববার মামলাটি রায়ের জন্য অপেক্ষাধীন (সিএভি) রাখেন।
আজ মামলার কার্যক্রম শেষে ট্রাইব্যুনাল আলীমের জামিন আবেদন বাতিল করে তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
আলীমের বিচারকাজ শুরুর পর থেকে শারীরিক কারণ বিবেচনা করে ট্রাইব্যুনাল তাঁকে শর্তসাপেক্ষে জামিন দিয়েছিলেন। মামলাটি প্রথমে ট্রাইব্যুনাল-১-এ ছিল। সেখান থেকে মামলাটি ট্রাইব্যুনাল-২-এ স্থানান্তর করা হয়। সেখানে ১৭টি অভিযোগে আলীমের বিরুদ্ধ বিচারকাজ শুরু হয়।
আজ আসামিপক্ষের যুক্তির আইনগত জবাব দেয় রাষ্ট্রপক্ষ। যুক্তি উপস্থাপন শেষে রাষ্ট্রপক্ষ ট্রাইব্যুনালের কাছে আলীমের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড প্রার্থনা করে বলে, আলীমের বর্তমান বয়স ৮৩। কিন্তু আমরা ৪২ বছর বয়সী আলীমের বিচার চাইতে এসেছি।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ গত ১১ জুন আবদুল আলীমের বিরুদ্ধে অভিযোগ গঠন করে আদেশ দেন। আদেশে আলীমের বিরুদ্ধে গণহত্যা ও হত্যাসহ মানবতাবিরোধী অপরাধের ১৭টি অভিযোগ আনা হয়।
আসামির পরিচিতি
আসামির পরিচিতিতে বলা হয়েছে, আবদুল আলীম ১৯৩০ সালের ১ নভেম্বর ভারতের পশ্চিমবঙ্গের হুগলি থানাধীন পাঁদুয়া গ্রামে জন্মগ্রহণ করেন। ১৯৫০-৫১ সালে আলীমের পরিবার তত্কালীন পূর্ব পাকিস্তানের জয়পুরহাটে এসে বসবাস শুরু করেন। ১৯৫৮ সালে তিনি মুসলিম লীগে যোগ দেন এবং ১৯৬২ সালে তিনি দলের বিভাগীয় সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পান। একাত্তরে তিনি কনভেনশন মুসলিম লীগের প্রভাবশালী নেতা ছিলেন।
মুক্তিযুদ্ধের সময় আলীম জয়পুরহাটের বিশিষ্ট পাট ব্যবসায়ী শাওনলাল বাজলার গদিঘর (বাণিজ্যিক দপ্তর) দখল করে সেখানে পাকিস্তানি সেনাদের ক্যাম্প, শান্তি কমিটির কার্যালয়, রাজাকারদের প্রশিক্ষণ কেন্দ্র ও পাকিস্তানি সেনাবাহিনীর মেজর আফজালের থাকার ব্যবস্থা করেন। ১৯৭৯ সালে তিনি বিএনপিতে যোগ দেন এবং সংসদ সদস্য নির্বাচিত হন। প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সরকারে তিনি একজন মন্ত্রী ছিলেন।
আলীমের বিরুদ্ধে উল্লেখযোগ্য কিছু অভিযোগ
প্রথম অভিযোগ অনুসারে, একাত্তরের ২০ এপ্রিল বিকেলে আলীম পাকিস্তানি সেনাদের নিয়ে জয়পুরহাটের পাঁচবিবি থানার দমদমা গ্রামের মেহের উদ্দিন চৌধুরীর (মৃত) বাড়িতে হামলা চালান। ওই বাড়িতে লুণ্ঠন ও অগ্নিসংযোগ করা হয়, যার ফলে তিনি দেশান্তর হতে বাধ্য হন। এ ঘটনায় তাঁর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনালস) আইন, ১৯৭৩-এর ৩(২)(এ)(জি) ধারায় দেশান্তরের মতো মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আনা হয়েছে।
দ্বিতীয় অভিযোগে বলা হয়, মুক্তিযুদ্ধকালে ২৬ এপ্রিল আলীম পূর্বপরিকল্পনা অনুসারে মেজর আফজাল, পাকিস্তানি সেনা ও শান্তি কমিটির সদস্যদের নিয়ে কড়ই কাঁদিপুর এলাকার হিন্দু-অধ্যুষিত গ্রাম কড়ই, কাঁদিপুর, চকপাড়া, সোনারপাড়া, পালপাড়া, মুন্সিপাড়া গ্রামে অতর্কিতে সশস্ত্র হামলা চালান। হামলায় হিন্দুদের বাড়িঘরে লুণ্ঠন, অগ্নিসংযোগের পর ৩৭০ জন নিরস্ত্র হিন্দুকে সারিবদ্ধভাবে দাঁড় করিয়ে হত্যা করা হয়। অশ্বিনী কুমার দেবনাথ নামের এক ব্যক্তিকে জীবন্ত কবর দেওয়া হয়। এ ঘটনায় আলীমের বিরুদ্ধে ট্রাইব্যুনালস আইনের ৩(২)(সি)(জি) ধারায় হিন্দু জনগোষ্ঠীকে গণহত্যা ও এতে সহযোগিতার অভিযোগ আনা হয়।
তৃতীয় অভিযোগ অনুসারে, একাত্তরের ১৮ জুন আলীমের নির্দেশ ও প্ররোচনা অনুসারে, শান্তি কমিটির সদস্য রিয়াজ মৃধা ১১ জন পাকিস্তানি সেনা নিয়ে জুমার নামাজের আগে ও পরে ২২ জন মুসল্লিকে ধরে আনে। মসজিদের আশপাশ থেকে তারা আরও পাঁচশ নিরস্ত্র মানুষকে ধরে এনে জনৈক আফাজের বাড়ির উঠানে তিনটি সারিতে দাঁড় করায়। রিয়াজ মৃধা পাকিস্তানি সেনাদের একটি তালিকা দেন, যা অনুসরণ করে সেনারা মুক্তিযুদ্ধের পক্ষের ও আওয়ামীপন্থী ২৮ জনকে চিহ্নিত করে। বাকিদের চলে যেতে দেওয়া হয়। এরপর চিহ্নিত ২৮ জনকে হাত বেঁধে একটি মাটির ঘরে নিয়ে হত্যার চেষ্টা করা হয়। ২২ জন মারা যান, বাকিরা পালিয়ে যেতে সমর্থ হন।
আলীমের বিরুদ্ধে চতুর্থ অভিযোগে বলা হয়, মুক্তিযুদ্ধকালে মে মাসের প্রথম দিকে একদিন সকালে আলীমের নির্দেশ অনুসারে পাকিস্তানি সেনাদের শান্তি কমিটি ও রাজাকার বাহিনীর সদস্যরা রেলগাড়িতে করে বকুলতলা নামক স্থানে যায়। সেখান থেকে তারা দুটি ভাগে বিভক্ত হয়ে কোকতারা, ঘোড়াপা, বাগজানা, কোটাহারা গ্রামের নিরস্ত্র নিরীহ মানুষের ওপর হামলা ও লুটপাট চালায়। এ সময় ১৯ জন মুক্তিযুদ্ধের পক্ষের লোককে হত্যা করা হয়।
পঞ্চম অভিযোগ অনুসারে বলা হয়, মে মাসের ৯ থেকে ১৫ তারিখের মধ্যে আলীমের নির্দেশ ও উসকানি মেনে রাজাকার, শান্তি কমিটির সদস্য ও পাকিস্তানি সেনারা জয়পুরহাটের দক্ষিণ পহুনন্দা গ্রামের মিশন স্কুলে যায়। সেখানে ৫০-৬০ জন থেকে যায়, বাকিরা পাগলা দেওয়ান নামক জায়গায় গিয়ে কয়েকজন গ্রামবাসীকে ডেকে তাদের দিয়ে কয়েকটি গর্ত খনন করায়। ওই গর্তে অপরিচিত ৬৭ জন নিরস্ত্র হিন্দু সম্প্রদায়ের লোককে কবর দেওয়া হয়। এর মধ্যে সাতজনকে গ্রামবাসীর উপস্থিতিতে হত্যা করা হয়েছিল।
ষষ্ঠ অভিযোগ অনুসারে, একাত্তরের মে মাসের প্রথম দিকে আক্কেলপুরের আবদুস সালাম ও আরও নয়জন নিরস্ত্র ব্যক্তি ভারত যাওয়ার পথে নূরপুর গ্রামে পৌঁছানোর পরে বেলা ১১টার দিকে স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, শান্তি কামিটির সদস্য ও রাজাকাররা তাঁদের ধরে স্থানীয় সৈয়দ আলীর বাড়িতে আটকে রাখে। পরে তাঁদের আক্কেলপুর রেলস্টেশনের বিশ্রামকক্ষে নিয়ে যাওয়ার পর বিষয়টি আলীমকে জানানো হলে তিনি তাঁদের শেষ করে দেওয়ার নির্দেশ দেন। তাঁদের পাকিস্তানি সেনাদের হাতে তুলে দেওয়া হলে কোকতারা গ্রামের বকুলতলা এলাকায় নয়জনকে হত্যা করা হয়। মোফাজ্জল নামের এক ব্যক্তি পালিয়ে যেতে সক্ষম হন।
সপ্তম অভিযোগে বলা হয়, ২৬ মে আলীমের পরামর্শ ও নির্দেশ অনুসারে রাজাকার ও পাকিস্তানি সেনারা জয়পুরহাটের পাঁচবিবি থানার নওদা গ্রামে অভিযান চালিয়ে ইলিয়াস উদ্দিন সর্দার, ইউসুফ উদ্দিন সর্দার, ইউনুস উদ্দিন সর্দার এবং আবদুল কাদের মণ্ডল নামের চারজন নিরস্ত্র মানুষকে ধরে বালিঘাটা ইউনিয়ন পরিষদের (ইউপি) কার্যালয়ে আটকে রাখে। পরে তাঁদের কালীপুকুরের পাশে নিয়ে হত্যা করা হয়।
অষ্টম অভিযোগ অনুসারে, একাত্তরের মে মাসের প্রথম দিকে আলীম পাকিস্তানি মেজর আফজালকে সঙ্গে নিয়ে ক্ষেতলাল থানার উত্তরহাট শহর নামের একটি স্থানে পাঁচ-সাত শ জনের একটি সমাবেশে যান। সেখানে তিনি বলেন, ‘হিন্দুদের ক্ষমা করা যাবে না। এদের যা পাও লুট করে নাও।’ এই উসকানিমূলক বক্তব্যের পরে মে মাসের শেষদিকে হিন্দুপল্লি, উত্তরহাট শহর, হারুনজাহাট এলাকায় হিন্দু জনগণের ওপর হামলা ও লুটপাট চালানো হয়। ওই এলাকা থেকে হিন্দু সম্প্রদায়ের ১০ জন লোককে ধরে শাওনলাল বাজলার গদিঘরে স্থাপিত শান্তি কমিটির কার্যালয়ে নিয়ে যাওয়া হলে আলীম তাঁদের হত্যার নির্দেশ দেন। পরে ওই ১০ জনকে খঞ্জনপুর কুঠিবাড়ি ঘাট এলাকায় নিয়ে হত্যা করা হয়।
নবম অভিযোগে বলা হয়, একাত্তরের ১৪ জুন শান্তি কমিটির সদস্যরা মুক্তিযোদ্ধা সন্দেহে ১৫ জন যুবককে শাওনলাল বাজলার গদিঘরে ধরে নিয়ে যায় ও সেখানে আটকে রাখে। সেখানে মেজর আফজালের সঙ্গে পরামর্শ করে আলীম তাঁদের হত্যার সিদ্ধান্ত নেন। পরে ওই সিদ্ধান্ত অনুসারে তাঁদের পশ্চিম আমাত্রা গ্রামে নিয়ে নির্যাতন করে, হত্যা করে গণকবর দেওয়া হয়।
দশম অভিযোগে বলা হয়, জুনের শেষ দিকে আলীমের সিদ্ধান্ত অনুসারে রাজাকার ও শান্তি কমিটির সদস্যরা ২৬ জন ব্যক্তিকে মুক্তিযোদ্ধা সন্দেহে ধরে এবং একটি ট্রাকে করে জয়পুরহাট রেলস্টেশনে নিয়ে যায়। এ সময় আলোখেলা স্টুডিওর মালিক মোতাসিম বিল্লাহ নামের এক ব্যক্তিকে আলীম নিয়ে আসেন এবং তিনি ওই ২৬ জন আটক ব্যক্তির সঙ্গে আলীমের ছবি তোলেন। পরে তাঁদের জয়পুরহাট কলেজে নিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় আলীমের বিরুদ্ধে গণহত্যা ও এতে সহযোগিতার অভিযোগ আনা হয়েছে।