আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল জলিলের স্মরণসভায় বক্তারা বলেছেন, তিনি একজন ভালো সংগঠক এবং সত্যিকারের কর্মীবান্ধব নেতা ছিলেন। তাঁর কাছে সাহায্য চেয়ে কেউ খালি হাতে ফেরেননি। আব্দুল জলিলের ক্ষতি করেছে এক-এগারোর সরকার। তাঁর ওপর যে নির্যাতন হয়েছে, তা ভাবা যায় না।
আব্দুল জলিলের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে গতকাল বৃহস্পতিবার বিকেলে রাজধানীর একটি হোটেলে এই স্মরণসভার আয়োজন করে মার্কেন্টাইল ব্যাংক। আব্দুল জলিল বাণিজ্যমন্ত্রী এবং মার্কেন্টাইল ব্যাংকের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ছিলেন।
স্মরণসভায় প্রধান অতিথি বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেন, ‘রাজনীতির নামে আজ রিকশাওয়ালাকে প্রহার করা হচ্ছে, পেট্রলবোমা মেরে মানুষ মারা হচ্ছে, যা আমাদের চিন্তার মধ্যেও ছিল না।’
বেসামরিক বিমান চলাচল ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন বলেন, ‘ছাত্রজীবন থেকে জলিল মুক্তিযুদ্ধের পক্ষে রাজনীতি করেছেন। আমরা একই রাজনৈতিক দল কখনো করিনি। তবে আমাদের পরস্পরের মধ্যে রাজনৈতিক শ্রদ্ধাবোধ ছিল।’ বস্ত্র ও পাটমন্ত্রী ইমাজ উদ্দিন প্রামাণিক বলেন, ‘১৯৫৮ সাল থেকে শুরু করে ২০১২ সাল পর্যন্ত প্রায় ৫৪ বছরের বন্ধুত্ব ছিল আমাদের।’
সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর বলেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল জলিলের দরজা সব সময় খোলা ছিল। তিনি কাউকে না করতে পারতেন না। তিনি অমানুষিক পরিশ্রম করতে পারতেন। দলের জন্য দিনরাত ছুটে বেড়িয়েছেন তিনি।
ব্যাংকিং খাতে আব্দুল জলিলের প্রজ্ঞার কথা তুলে ধরেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর মো. ফরাসউদ্দিন ও এফবিসিসিআইয়ের সভাপতি কাজী আকরাম উদ্দিন আহ্মদ। অনুষ্ঠানে মার্কেন্টাইল ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তা, মরহুমের পরিবারের সদস্য ও আ. লীগের নেতারা উপস্থিত ছিলেন। পরে বেশ কিছু ছাত্রছাত্রীকে আব্দুল জলিল শিক্ষাবৃত্তি দেওয়া হয়।