আব্দুল জলিলের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি ১০ ফেব্রুয়ারি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আয়কর ফাঁকির মামলায় আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল জলিলের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হবে কি না, এ বিষয়ে আগামী ১০ ফেব্রুয়ারি শুনানির দিন ধার্য করেছেন আদালত। গতকাল সোমবার ঢাকার জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের বিচারক এ এন এম বসির উল্লাহ এই তারিখ নির্ধারণ করেন। গতকাল আব্দুল জলিল তাঁর আইনজীবীদের সঙ্গে নিয়ে আদালতে হাজির হন। মামলা দায়ের করার পর গতকালই প্রথম তিনি আদালতে হাজির হলেন। গতকাল আদালতে আইনজীবীরা একটি দরখাস্তে আব্দুল জলিলের জামিনের মেয়াদ বাড়ানোর আবেদন জানান। অপর একটি দরখাস্তের মাধ্যমে আব্দুল জলিল মামলার দায় থেকে অব্যাহতি চেয়ে আবেদন জানান। আবেদনে বলা হয়, ২০০৩ থেকে ২০০৮ করবর্ষ পর্যন্ত আয়কর ফাঁকির অভিযোগে গত বছরের ১৫ অক্টোবর জাতীয় রাজস্ব বোর্ড এ মামলা দায়ের করে। কিন্তু উল্লিখিত করবর্ষের তিন লাখ ৬১ হাজার টাকার আয়কর জমা দেওয়া হয়েছে। তাই আব্দুল জলিলের বিরুদ্ধে অভিযোগ গঠন করার কোনো উপাদান নেই।