আব্দুল জলিলের মরদেহ ঢাকায়, আজ দাফন
প্রখ্যাত রাজনীতিক ও আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল জলিলের মরদেহ দেশে আনা হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাত আটটা ২০ মিনিটে আব্দুল জলিলের মরদেহ সিঙ্গাপুর থেকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায়। মরহুমের স্ত্রী রেহানা জলিল মরদেহের সঙ্গে ছিলেন। আজ শুক্রবার বাদ আসর নওগাঁয় পিতা-মাতার কবরের পাশে তাঁর লাশ দাফন করা হবে। বিমানবন্দরে আব্দুল জলিলের কফিন দেখে তাঁর ছেলেমেয়েরা কান্নায় ভেঙে পড়েন। বিমানবন্দরে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামের নেতৃত্বে দলীয় নেতারা কফিনে পুষ্পস্তবক অর্পণ করেন। ইউনাইটেড হাসপাতালের হিমঘরে মরদেহ রাখা হয়েছে। আজ সকাল আটটায় তাঁর মরদেহ গুলশানের বাসভবনে আনা হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাসায় গিয়ে আব্দুল জলিলের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন। দিলকুশায় মার্কেন্টাইল ব্যাংকের প্রধান কার্যালয়ে, বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ের দলীয় কার্যালয়ে এবং বেলা ১১টায় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় তাঁর জানাজা হবে। বেলা সাড়ে ১১টায় আব্দুল জলিলের কফিন হেলিকপ্টারযোগে নওগাঁয় নেওয়া হবে। আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি জানান, আব্দুল জলিলের মৃত্যুতে নওগাঁয় সাত দিনের শোক পালনের ঘোষণা দিয়েছে জেলা আওয়ামী লীগ। জেলা আওয়ামী লীগের অফিসে শোকবই খোলা হয়েছে।