আব্দুস শহীদের বাড়ি রক্ষায় আন্দোলনের হুমকি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লেখক, সাংবাদিক ও শিক্ষক আব্দুস শহীদের ১৫তম মৃত্যুবার্ষিকী ছিল গতকাল শুক্রবার। এ উপলক্ষে জাতীয় প্রেসক্লাবে গতকাল একটি আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় বক্তারা আব্দুস শহীদের বাড়িটি রক্ষার জন্য সরকারের কাছে আবেদন জানিয়েছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক সভায় বলেন, ‘সরকারের প্রতি অনুরোধ জানাচ্ছি, আব্দুস শহীদের বাড়িটি রক্ষা করুন।’ অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে সাংবাদিক কামাল লোহানী বলেন, ‘এত আবেদন-নিবেদনের পরও যখন বাড়িটি নিয়ে সরকার কোনো সমাধানে আসছে না, তখন আমাদের সামনে আন্দোলন ছাড়া কোনো রাস্তা খোলা নেই।’ অনুষ্ঠানে আব্দুস শহীদের মেয়ে তানিয়া বলেন, ‘প্রতিমন্ত্রী আব্দুল মান্নান খান বিভিন্ন জায়গায় বলে বেড়াচ্ছেন, আমরা বিগত সেনাপ্রধানের কাছ থেকে মোটা অঙ্কের সাহায্য নিয়েছি। আমি প্রতিমন্ত্রীকে তাঁর এ ধরনের কথার সত্যতা প্রমাণের দাবি জানাই। যদি না পারেন তবে এ ধরনের মিথ্যাচার বন্ধ করুন।’অনুষ্ঠানে সাংসদ রাশেদ খান মেনন ও ভাষাসৈনিক বাহাউদ্দিন চৌধুরী প্রমুখ আলোচনায় অংশ নেন।