আব্দুস শহীদের স্ত্রী মারা গেলেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রামপুরায় অগ্নিদগ্ধ নারী রাজিয়া শহীদ (৫৫) গতকাল শুক্রবার বিকেলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে মারা গেছেন। হাসপাতালের বিছানায় পাঁচ দিন মৃত্যুর সঙ্গে লড়ে হার মানতে হলো তাঁকে। মরহুমার স্বামী মুক্তিযোদ্ধা ও প্রয়াত সাংবাদিক আব্দুস শহীদ।হাতিরঝিল প্রকল্প বাস্তবায়ন করতে গিয়ে ওই বাড়ি ভেঙে দেওয়ার সিদ্ধান্ত হয়েছিল। রাজিয়া শহীদ বিশিষ্ট নাগরিকদের সঙ্গে নিয়ে আন্দোলন করে বাড়িটি রক্ষা করেন। তিনি ৫৮/১, রামপুরার উলন রোডে নিজ বাড়িতে থাকতেন। গত সোমবার বেলা ১১টার দিকে তিনি দোতলার ওই বাড়ির ছাদে যান। তখনই ছাদের ওপর দিয়ে যাওয়া বৈদ্যুতিক তারের ওপর একটি পাখি বসলে আগুনের স্ফুলিঙ্গ রাজিয়া শহীদের ওপর পড়ে। এতে তাঁর শরীরে আগুন ধরে যায়। বাড়ির কর্মচারী আলতাফ ছাদে এসে তাঁকে বাঁচানোর চেষ্টা করলে তিনিও দগ্ধ হন। রাজিয়া শহীদ ও আলতাফকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। সেখানে গতকাল বিকেল সোয়া চারটার দিকে রাজিয়া মারা যান।মরহুমার মেয়ে জয়া শহীদ গত মঙ্গলবার জানান, বারবার আবেদন করা সত্ত্বেও বাড়ির ওপর থেকে বৈদ্যুতিক লাইন সরানো হয়নি। রাজিয়া শহীদের আত্মীয় শেখ মামুন রশীদ অভিযোগ করেন, ডিপিডিসির অবহেলায় তাঁর অকালমৃত্যু হলো। গত ১৮ নভেম্বর বৈদ্যুতিক খুঁটিটি বাড়ি থেকে দূরে সরিয়ে নেওয়ার জন্য ডিপিডিসির কাছে তিনি আবেদন করেছিলেন।