‘আমার আব্বা কিবায় মইরা গেল, আব্বারে আইন্যা দেও।’ এসব বলে চিৎকার করে চলছে আতিকুল হাসান (৯)। বাড়ির লোকজন চেষ্টা চালিয়েও শিশুটির কান্না থামাতে পারছেন না।আতিকুল ময়মনসিংহের নান্দাইল পৌরসভার পোড়াবাড়িয়া এলাকার হানিফ মিয়ার (৩৫) ছেলে। গত শুক্রবার সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়ায় টর্নেডোর আঘাতে নিহত হন হানিফ মিয়া। তাঁর মৃতদেহ গতকাল শনিবার বাড়িতে নিয়ে আসার পর বাবার লাশ জড়িয়ে আতিকুলকে এভাবেই কাঁদতে দেখা যায়।হানিফের স্ত্রী হালিমা খাতুন জানান, তাঁরা ব্রাহ্মণবাড়িয়ার ভাতশালা এলাকায় থাকতেন। সেখানে হানিফ ভাড়ায়চালিত অটোরিকশা চালাতেন। শুক্রবার তিনি তাঁর অটোরিকশাটি অন্যের কাছে ভাড়া দিয়েছিলেন। চালকের কাছ থেকে রিকশাটি বুঝে নেওয়ার জন্য চিনাইর এলাকার একটি সেতুর পাশে সড়কে দাঁড়িয়ে ছিলেন তিনি। হঠাৎ প্রচণ্ড বাতাস এসে তাঁকে উড়িয়ে সেতুর নিচে ফেলে দেয়। এতে তিনি মাথায় প্রচণ্ড আঘাত পান। টর্নেডো থামার পর পরিবারের লোকজন সেতুর নিচ থেকে হানিফকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে নিয়ে যান। সেখানকার চিকিৎসক তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হলে জরুরি বিভাগের চিকিৎসক হানিফকে মৃত ঘোষণা করেন। পরে সেখান থেকে তাঁর লাশ নান্দাইলে নিয়ে আসা হয়।হালিমা আক্তার আরও জানান, ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসন প্রত্যেক নিহত ব্যক্তির পরিবারকে ২০ হাজার টাকা সহায়তার ঘোষণা দিলেও তাঁকে (হালিমা) কোনো সহায়তা দেওয়া হয়নি। পরে স্থানীয় লোকদের সহায়তায় হানিফের লাশ দুপুরে দাফন করা হয়।