আব্বাস ও তাবিথকে সতর্ক করল নির্বাচন কমিশন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া আচরণবিধি লঙ্ঘন করেছেন জানিয়ে নির্বাচন কমিশন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে বিএনপি-সমর্থিত মেয়র পদপ্রার্থী মির্জা আব্বাসকে সতর্ক করে চিঠি দিয়েছে। উত্তর সিটিতে বিএনপি-সমর্থিত মেয়র পদপ্রার্থী তাবিথ আউয়ালকেও সতর্ক করে চিঠি দিয়েছে কমিশন।
গত মঙ্গলবার রাতে ঢাকা উত্তর সিটি নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা শাহ আলম মেয়র পদপ্রার্থী তাবিথ আউয়ালকে এবং গতকাল বুধবার দক্ষিণ সিটির রিটার্নিং কর্মকর্তা মিহির সারোয়ার মোর্শেদ মেয়র পদপ্রার্থী মির্জা আব্বাসকে সতর্ক করে চিঠি পাঠান।
মির্জা আব্বাসকে পাঠানো চিঠিতে বলা হয়েছে, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া মঙ্গলবার ফকিরাপুলে বিপুলসংখ্যক লোক ও গাড়িবহর নিয়ে প্রচারণা চালান। এতে ওই এলাকায় সাধারণ মানুষের ও যানবাহন চলাচলে বিঘ্ন সৃষ্টি হয়, যা নির্বাচনী আচরণবিধির সুস্পষ্ট লঙ্ঘন। নির্বাচনী প্রচারণা চালানোর সময় সবাইকে আচরণবিধি মেনে চলার অনুরোধ জানানো হলো।
এ বিষয়ে জানতে মিহির সারোয়ার মোর্শেদের মোবাইল ফোনে ফোন করে তাঁকে পাওয়া যায়নি।
তাবিথ আউয়ালকে পাঠানো চিঠিতে তাঁকে আচরণবিধি অনুসরণ করে নির্বাচনী প্রচারণা চালানোর অনুরোধ জানানো হয়। তবে কী কারণে তাঁকে সতর্ক করা হলো, তা চিঠিতে উল্লেখ করা হয়নি।
জানতে চাইলে রিটার্নিং কর্মকর্তা শাহ আলম প্রথম আলোকে বলেন, ‘আমার মনে হয়েছে তিনি এবং তাঁর সমর্থকেরা আচরণবিধি মানছেন না, সে জন্যই তাঁদের নিয়ম মেনে প্রচারণা চালানোর অনুরোধ করা হয়েছে।’
রিটার্নিং কর্মকর্তার দপ্তরের একাধিক কর্মকর্তা জানান, খালেদা জিয়া সোমবার উত্তর সিটির কারওয়ান বাজারে তাবিথ আউয়ালের পক্ষে নির্বাচনী প্রচারণা চালানোর সময় আচরণবিধি লঙ্ঘন করেছেন বলে নির্বাচন কমিশন মনে করে। সে জন্য তাবিথ আউয়ালকে সতর্ক করা হয়েছে।
এদিকে সোমবার মিরপুরের পূরবী সিনেমা হলের সামনে আওয়ামী লীগ-সমর্থিত কাউন্সিলর পদপ্রার্থী আশিকুল হকের পক্ষে একদল যুবক রাস্তা দখল করে নির্বাচনী প্রচারণা চালান। এ বিষয়ে পত্রপত্রিকায় সংবাদ প্রকাশিত হয়েছে। তবে রিটার্নিং কর্মকর্তা এ ঘটনার জন্য প্রার্থীর কাছে ব্যাখ্যা জানতে চাননি।
ঢাকা দক্ষিণ সিটির রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়, দক্ষিণ সিটির বিভিন্ন এলাকার দেয়ালে জাতীয় পাটি-সমর্থিত মেয়র পদপ্রার্থী সাইফুদ্দিনের পোস্টার দেখা গেছে। আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী সাঈদ খোকন এবং বিএনপির মির্জা আব্বাসের পোস্টারও দেয়ালে দেখা গেছে।
এদিকে তাবিথ আউয়াল গতকাল রিটার্নিং কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করে বলেছেন, ঢাকা মহানগর পুলিশ উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনে আওয়ামী লীগ-সমর্থিত কাউন্সিলর পদপ্রার্থী এবং একই দলের বিদ্রোহী প্রার্থীদের জনপ্রিয়তা যাচাইয়ের জন্য বিভিন্ন থানায় এক ধরনের ফরম পাঠিয়েছে। বিষয়টি নির্বাচনী আচরণবিধির লঙ্ঘন। চিঠিতে পুলিশের এই তৎপরতা বন্ধে ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানানো হয়।
অপর এক চিঠিতে তাবিথ আউয়াল অভিযোগ করেন, পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব এম এ কাদের সমবায় অধিদপ্তরের মতবিনিময় সভায় উত্তর সিটিতে আওয়ামী লীগ-সমর্থিত মেয়র পদপ্রার্থী আনিসুল হক ও দক্ষিণ সিটির প্রার্থী সাঈদ খোকনকে ভোট দেওয়ার জন্য সমবায়ীদের অনুরোধ জানিয়েছেন। সরকারি কর্মকর্তার এ ধরনের কর্মকাণ্ড আচরণবিধির পরিপন্থী। তাবিথ আউয়াল এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার জন্য রিটার্নিং কর্মকর্তাকে অনুরোধ জানান।