আব্বাসউদ্দীনের স্মৃতি রক্ষায় কোচবিহারে ভাওয়াইয়া গ্রাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভাওয়াইয়া সম্রাট আব্বাসউদ্দীন আহমদ ও আরেক ভাওয়াইয়া সংগীতশিল্পী নায়েব আলীর প্রতি সম্মান জানিয়ে ও স্মৃতি রক্ষায় তাঁদের জন্মস্থান পশ্চিমবঙ্গের কোচবিহার জেলার তুফানগঞ্জ মহকুমার বলরামপুরে গড়ে তোলা হচ্ছে ভাওয়াইয়া গ্রাম। গত বুধবার কোচবিহারে রাজ্য বন উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান বিধায়ক রবীন্দ্রনাথ ঘোষ সংবাদ সম্মেলনে এ কথা বলেন।
সংবাদ সম্মেলনে বলা হয়, ভাওয়াইয়া সংগীতশিল্পীদের জন্মস্থান কাছাকাছি স্থানে হওয়ায় তাঁদের জন্মভিটাকে কেন্দ্র করে গড়ে তোলা হবে ওই গ্রাম।
রবীন্দ্রনাথ ঘোষ গতকাল বৃহস্পতিবার প্রথম আলোকে বলেন, দুই সংগীতশিল্পীর সম্মানে বলরামপুরে ১৬ বিঘা জমির ওপর গড়ে তোলা হবে কমপ্লেক্স। সেখানে সংগ্রহশালা, মিলনায়তন এবং ভাওয়াইয়া গানের প্রশিক্ষণ কেন্দ্র হবে। সেখানে এই দুই শিল্পীর স্মৃতি রক্ষার্থে নানা প্রকল্প ও আয়োজন থাকবে। এই প্রকল্পের জন্য দুই কোটি রুপি বরাদ্দ করা হয়েছে। তিনি আরও জানান, উত্তরবঙ্গ উন্নয়ন পর্ষদ এই ভাওয়াইয়া গ্রাম নির্মাণে আর্থিক সহযোগিতা করবে।
সংবাদ সম্মেলনে নায়েব আলী স্মরণ সমিতির সম্পাদক পার্থপ্রতিম রায় বলেন, কোচবিহারের হারিয়ে যাওয়া ভাওয়াইয়া সংস্কৃতিকে বাঁচিয়ে রাখার জন্য ভাওয়াইয়া গ্রাম নির্মাণের এই প্রয়াস। তিনি বলেন, ২৬ ও ২৭ ডিসেম্বর নায়েব আলীর জন্মস্থান বলরামপুরে দুই দিনব্যাপী তাঁর জন্মোৎসবের আয়োজন করা হয়েছে। উৎসবে বাংলাদেশ, আসামসহ পশ্চিমবঙ্গের শিল্পীরা উপস্থিত থাকবেন।