আব্বাসের আগাম জামিনের শুনানি আবার পেছাল
নাশকতার দুই মামলায় বিএনপির নেতা মির্জা আব্বাসের আগাম জামিনের শুনানি ২৪ মে পর্যন্ত পেছানো হয়েছে। গতকাল সোমবার তাঁর আইনজীবীদের আরও সময় চেয়ে আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি মো. রুহুল কুদ্দুসের হাইকোর্ট বেঞ্চ শুনানির এই নতুন তারিখ ধার্য করেন।
গত ২৮ এপ্রিল অনুষ্ঠিত ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে বিএনপি-সমর্থিত প্রার্থী মির্জা আব্বাসের আইনজীবী জয়নুল আবেদীন ও নিতাই রায় চৌধুরী গতকাল সময়ের আবেদন করেন। এর আগেও দুই দফায় সময় নেন তাঁরা।
রাষ্ট্রপক্ষে আদালতে উপস্থিত ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বশিরউল্লাহ।
পল্টন ও মতিঝিল থানার এ দুই মামলায় ঢাকা মহানগর বিএনপির আহ্বায়ক মির্জা আব্বাস সিটি নির্বাচন সামনে রেখে গত ১৩ এপ্রিল হাইকোর্টে আগাম জামিনের আবেদন করেন। ওই আবেদনের শুনানি শেষে বিচারপতি কামরুল ইসলাম সিদ্দিকী ও বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ বিভক্ত আদেশ দেন। জ্যেষ্ঠ বিচারপতি জামিন দিলেও কনিষ্ঠ বিচারপতি জামিন নাকচ করে আসামিকে বিচারিক আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেন।
এরপর প্রধান বিচারপতি এস কে সিনহা বিষয়টি নিষ্পত্তির জন্য নিয়ম অনুযায়ী নতুন বেঞ্চ ঠিক করে দেন। সে অনুযায়ী ২৭ এপ্রিল বিষয়টি বিচারপতি মো. রুহুল কুদ্দুসের বেঞ্চে এলেও মির্জা আব্বাসের সময়ের আবেদনের পরিপ্রেক্ষিতে শুনানি পেছানো হয়।
দুদকের করা একটি দুর্নীতি মামলাতেও আগাম জামিন চেয়েছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। হাইকোর্টে দুদকের মামলা শোনার জন্য নির্ধারিত বেঞ্চ থাকায় বিচারপতি কামরুল ইসলাম সিদ্দিকী ও বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুরের বেঞ্চ ১৫ এপ্রিল ওই আবেদন কার্যতালিকা থেকে বাদ দেন।