আব্বাসের আবেদনে তিন মামলায় জামিন শুনানি পিছিয়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি-সমর্থিত মেয়র পদপ্রার্থী মির্জা আব্বাসের বিরুদ্ধে তিন মামলায় আগাম জামিনের আবেদনের শুনানি আরও এক সপ্তাহ পিছিয়েছে। তাঁর পক্ষে আইনজীবীদের করা সময়ের আবেদনের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট গতকাল সোমবার শুনানি পেছান।
আজ মঙ্গলবার ঢাকার দুটি ও চট্টগ্রাম সিটি করপোরেশনের নির্বাচনে ভোট গ্রহণ করা হচ্ছে। মামলা থাকায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস নিজে নির্বাচনী প্রচারণায় অংশ নেননি। তাঁর পক্ষে প্রচারণা চালান তাঁর স্ত্রী আফরোজা আব্বাস।
নাশকতার অভিযোগে করা দুই মামলায় মির্জা আব্বাসের জামিনের আবেদন দুটি গতকাল শুনানির জন্য বিচারপতি মো. রুহুল কুদ্দুসের একক হাইকোর্ট বেঞ্চে ওঠে। গত রোববার প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা আবেদন দুটি নিষ্পত্তির জন্য এই বেঞ্চ নির্ধারণ করে দিয়েছিলেন। আদালতে মির্জা আব্বাসের আইনজীবীরা সময়ের আবেদন জানালে আদালত এক সপ্তাহ শুনানি পিছিয়ে দেন।
আদালতে মির্জা আব্বাসের পক্ষে শুনানি করেন আইনজীবী খন্দকার মাহবুব হোসেন ও মাহবুব উদ্দিন খোকন। সঙ্গে ছিলেন আইনজীবী রাগীব রউফ চৌধুরী ও এহসানুর রহমান। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. বশিরউল্লাহ।
এহসানুর রহমান জানান, নিরাপত্তাজনিত কারণে মির্জা আব্বাস আদালতে হাজির হতে পারেননি বলে জ্যেষ্ঠ আইনজীবীরা সময় চেয়েছেন। পরে আদালত শুনানি এক সপ্তাহ মুলতবি করেছেন। আগামী ৪ মে আবেদন দুটি আবার শুনানির জন্য কার্যতালিকায় আসবে।
গাড়িতে অগ্নিসংযোগ ও বিস্ফোরণের অভিযোগে মতিঝিল ও পল্টন থানায় করা দুই মামলায় মির্জা আব্বাসের আগাম জামিন প্রশ্নে ১৫ এপ্রিল বিভক্ত আদেশ দিয়েছিলেন বিচারপতি কামরুল ইসলাম সিদ্দিকী ও বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুরের সমন্বয়ে গঠিত হাইকোর্টের বেঞ্চ। রোববার প্রধান বিচারপতি আবেদন দুটি নিষ্পত্তির জন্য বিচারপতি মো. রুহুল কুদ্দুসের একক বেঞ্চ নির্ধারণ করেন।
গতকাল মির্জা আব্বাসের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় জামিনের আবেদনের শুনানিও পিছিয়েছে। বিচারপতি মো. মঈনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি জে বি এম হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে গতকাল এ আবেদন শুনানির জন্য ওঠে। সেখানেও মির্জা আব্বাসের আইনজীবীরা শুনানি মুলতবির আবেদন করলে আদালত এক সপ্তাহ শুনানি পিছিয়ে দেন।