ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি-সমর্থিত মেয়র পদপ্রার্থী মির্জা আব্বাসের নির্বাচনী এজেন্টদের হুমকি-ধমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছে বিএনপি। দলটির অভিযোগ, সরকারদলীয় ব্যক্তিরা বিএনপি-সমর্থিত প্রার্থীর এজেন্টের তালিকা কোনো না কোনোভাবে পেয়ে বাড়ি বাড়ি গিয়ে হুমকি দিচ্ছেন।
গতকাল রোববার শাহজাহানপুরে মির্জা আব্বাসের নির্বাচনী প্রচারের প্রধান সমন্বয়ক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য আ স ম হান্নান শাহ সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন। তাঁর অভিযোগ, নির্বাচন কমিশনে প্রার্থীর জমা দেওয়া এজেন্ট তালিকা সংগ্রহের পর সরকারদলীয়দের হুমকি ও পুলিশ-প্রশাসনের অভিযানের সম্মুখীন হতে হচ্ছে নেতা-কর্মীদের।
হান্নান শাহ বলেন, ‘এজেন্টদের নাম কমিশনে দেওয়া হয়েছে। আপাতদৃষ্টিতে মনে হয়, সেখান থেকে তালিকা চুরি করা হয়েছে। অথবা অন্য যেকোনোভাবে সরকারি দলের লোকেরা সেটা পেয়েছে। সরকারের কোনো কোনো সংস্থা সুনির্দিষ্টভাবে ওই সব নেতা-কর্মীর বাসায় অভিযান চালাচ্ছে, হুমকি দিচ্ছে।’ তিনি বলেন, বিএনপির ভোট কমেনি, বরং গত কয়েক দিনে তা বেড়েছে। তিনি বলেন, যদি প্রতিটি কেন্দ্রে তাঁদের এজেন্ট থাকতে পারে, তাহলে এটা ধরে রাখা সম্ভব হবে। বিএনপির সমর্থিত প্রার্থীরই বিজয়ী হবেন। তাঁর মতে, সরকার-সমর্থক প্রার্থীর ভরাডুবি নিশ্চিত।
সংবাদ সম্মেলনে বিএনপির ভাইস চেয়ারম্যান আলতাফ হোসেন চৌধুরী, যুবদলের সভাপতি মোয়াজ্জেম হোসেন, বিএনপির কেন্দ্রীয় নেতা নাজিমউদ্দিন আলম প্রমুখ উপস্থিত ছিলেন।