আব্বাসের বাসায় ঢুকে মারধরের অভিযোগ, র‌্যাবের অস্বীকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হরতাল চলাকালে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের বাসায় ঢুকে পরিবারের সদস্যদের মারধর করেছে বলে অভিযোগ করা হয়।এর আগে সকালে শাহজাহানপুরে বাসার সামনে রাস্তা আটকে মিছিল করার সময় মির্জা আব্বাসকে গ্রেপ্তার করে পুলিশ। এরপর তাঁর মুক্তির দাবিতে অনুসারীরা মিছিল বের করলে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা মিছিলকারীদের ধাওয়া করতে করতে আব্বাসের বাসায় ঢুকে পড়েন।প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল থেকেই আব্বাসের বাড়ি ঘেরাও করে রাখে পুলিশ। একপর্যায়ে তিনি বাসা থেকে বের হয়ে মিছিলে যোগ দেন। বেলা ১১টার দিকে শহীদবাগের রাস্তায় পুলিশ তাঁকে ঘিরে ফেলে। এ সময় আব্বাস পুলিশের সঙ্গে বাগিবতণ্ডায় জড়িয়ে পড়েন। মতিঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফাজ্জল হোসেন আব্বাসকে বলেন, হরতালের আগের রাতে গাড়িতে অগ্নিসংযোগের মামলায় তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। এরপর পুলিশ তাঁকে গাড়িতে উঠতে বলে। আব্বাস অসুস্থ হয়ে পড়লে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।গ্রেপ্তারের আগে মির্জা আব্বাস সাংবাদিকদের বলেন, তিনি গাড়িতে অগ্নিসংযোগ করেননি। এ ঘটনার সঙ্গে তাঁর কোনো সম্পর্ক নেই। নির্যাতন চালানোর জন্যই সরকার এসব নাটক সাজাচ্ছে।মির্জা আব্বাসকে গ্রেপ্তারের প্রতিবাদে বেলা সাড়ে ১১টার দিকে তাঁর স্ত্রী মহিলা দলের সহসভাপতি আফরোজা আব্বাসের নেতৃত্বে শাহজাহানপুরে মিছিল বের হয়। মিছিলটি শাহজাহানপুর ও শহীদবাগের গলিপথ ঘুরে মির্জা আব্বাসের বাসার সামনে এলে র‌্যাব, পুলিশ ও সাদা পোশাকের কিছু সদস্য মিছিলে হামলা চালায়। হামলা থেকে বাঁচতে নেতা-কর্মীরা আব্বাসের বাসায় ঢুকে পড়েন। এ সময় র‌্যাব সদস্যরা তাদের ধাওয়া করে বাসার বিভিন্ন কক্ষে ঢুকে মারধর করেন।আফরোজা আব্বাস অভিযোগ করেন, র‌্যাব সদস্যরা এ ঘটনা ঘটিয়েছে। তাঁর হাতে আঘাত করেছেন একজন র‌্যাব সদস্য। তাঁর শাশুড়িকেও র‌্যাব মারধর করেছে বলে তিনি অভিযোগ করেন।আব্বাসের বোন শাহিদা মির্জা ও মেয়ে বর্ষার অভিযোগ, র‌্যাব সদস্যরা বাসায় ঢুকে নারী-পুরুষ সবাইকে নির্দয়ভাবে মারধর করেছেন।বেলা তিনটায় আব্বাসের বাসায় সংবাদ সম্মেলন করেন আফরোজা আব্বাস। সংবাদ সম্মেলনে তিনি মির্জা আব্বাসের নিঃশর্ত মুক্তি, বাসায় ঢুকে র‌্যাবের হামলার সুষ্ঠু তদন্ত দাবি করেন। মির্জা আব্বাসের কক্ষে ঢুকে র‌্যাব সদস্যরা জরুরি ফাইলপত্র ও মোবাইল ফোনসেট নিয়ে যান বলেও অভিযোগ করেন তিনি।যোগাযোগ করা হলে র‌্যাবের আইন ও জনসংযোগ শাখার পরিচালক মোহাম্মদ সোহায়েল প্রথম আলোকে বলেন, শাহজাহানপুরে পুলিশের সঙ্গে সংঘর্ষের সময় হরতাল-সমর্থকেরা মির্জা আব্বাসের বাসায় ঢুকে পড়ে এবং সেখান থেকে আইনশৃঙ্খলা বাহিনীর ওপর হামলা চালায়। তখন র‌্যাবসহ অন্য বাহিনীর সদস্যরা এদের গ্রেপ্তার করতে ওই বাড়িতে অভিযান চালান। র‌্যাবের কাজে বাধা দেওয়া হলে ধস্তাধস্তি হয়। র‌্যাব কাউকে মারধর করেনি।