সদস্যসচিব ছাড়াই নতুন কমিটির কয়েকজন জ্যেষ্ঠ নেতার সঙ্গে গতকাল রোববার প্রথম বৈঠক করেছেন নবগঠিত ঢাকা মহানগর বিএনপির আহ্বায়ক মির্জা আব্বাস। এটাকে ‘অনানুষ্ঠানিক’ বৈঠক বলে দাবি করে সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে, বৈঠকে মহানগরের ওয়ার্ড ও থানা কমিটি গঠন এবং আন্দোলন নিয়ে আলোচনা হয়েছে।
মির্জা আব্বাসের ঘনিষ্ঠ একটি সূত্র জানায়, হাবিব-উন-নবী খান সোহেলকে সদস্যসচিব করায় মির্জা আব্বাসের অসন্তোষ এখনো কাটেনি। তবে হাবিব-উন-নবী নিজে গিয়ে মির্জা আব্বাসের সঙ্গে গত শনিবার দেখা করেছেন।
এ ছাড়া সাধারণত বিএনপি বা এর অঙ্গসংগঠনগুলোর নতুন কমিটি হলে প্রথমেই তারা বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানায়। কিন্তু ঢাকা মহানগরের নতুন কমিটি ঘোষণার দুই দিন চলে গেলেও নতুন নেতাদের এ কাজটি করতে দেখা যায়নি। এমনকি নতুন নেতৃত্ব মহানগর বিএনপির কার্যালয়েও যায়নি।
এ বিষয়ে জানতে চাইলে হাবিব-উন-নবী খান প্রথম আলোকে বলেন, তাঁরা আগে নিজেরা বসবেন। তারপর সবাই মিলে কবরে শ্রদ্ধা জানাবেন এবং কার্যালয়েও বসবেন।
তবে গতকাল মির্জা আব্বাস তাঁর বাসায় যে বৈঠক করেছেন, তাতে দলের স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা মহানগর কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, যুগ্ম আহ্বায়ক আবদুল আউয়াল মিন্টু, বরকত উল্লাসহ আরও কয়েকজন নেতা উপস্থিত ছিলেন।
এ বৈঠকের বিষয়ে জানতে চাইলে গয়েশ্বর চন্দ্র রায় প্রথম আলোকে বলেন, এটি কোনো আনুষ্ঠানিক বৈঠক ছিল না। সবাই যাঁর যাঁর মতো করে নতুন আহ্বায়কের সঙ্গে দেখা করতে গেছেন।
কমিটির সদস্য বরকত উল্লা বলেছেন, সব বিষয়ে শিগগির আনুষ্ঠানিক বৈঠক হবে।
সদস্যসচিবকে ছাড়া এ সভার বিষয়ে ওই বৈঠকে উপস্থিত থাকা মির্জা আব্বাসের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত একজন জ্যেষ্ঠ নেতা বলেন, সদস্যসচিব মানে সংগঠনের দ্বিতীয় ব্যক্তি না। এটি অনেকটা ‘ক্লারিক্যাল জব’।
দলীয় সূত্রে জানা গেছে, নতুন এ কমিটি নিয়ে মির্জা আব্বাস যেমন অসন্তুষ্ট, তেমনি কিছুটা হতাশ সাবেক আহ্বায়ক সাদেক হোসেন খোকার অনুসারীদের অনেকেই। আবার এ কমিটির উপদেষ্টা হিসেবে থাকা দলের স্থায়ী কমিটির সদস্য রফিকুল ইসলাম মিয়াও ক্ষুব্ধ।
অবশ্য হাবিব-উন-নবী খান দাবি করেন, নতুন কমিটি নিয়ে কারও কোনো ক্ষোভ নেই। মির্জা আব্বাসের নেতৃত্বে কাজ করতে সবাই ঐক্যবদ্ধ। যে লক্ষ্যে তাঁদের দায়িত্ব দেওয়া হয়েছে, তাঁরা তা অর্জন করবেন।