আব্বাসের বিরুদ্ধে দুদকের মামলায় স্থগিতাদেশ বহাল
প্লট বরাদ্দে অনিয়মের অভিযোগে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের বিরুদ্ধে করা এক মামলার কার্যক্রম স্থগিত করে হাইকোর্টের দেওয়া আদেশের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা আবেদন খারিজ করেছেন আপিল বিভাগ। প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বিভাগ গতকাল রোববার এ আদেশ দেন।
এর ফলে দুদকের করা ওই মামলার কার্যক্রম স্থগিত করে হাইকোর্টের দেওয়া আদেশ বহাল রইল বলে জানিয়েছেন মির্জা আব্বাসের আইনজীবী সগীর হোসেন।
মির্জা আব্বাসের করা আবেদনের শুনানি নিয়ে গত ১৪ ডিসেম্বর হাইকোর্ট রুল দেওয়ার পাশাপাশি ওই মামলার কার্যক্রম তিন মাসের জন্য স্থগিত করেন। এই আদেশ স্থগিত চেয়ে দুদক আবেদন করে। ২৭ ডিসেম্বর চেম্বার বিচারপতি বিষয়টি আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে ৮ জানুয়ারি (গতকাল) শুনানির জন্য পাঠান।
আদালতে দুদকের পক্ষে শুনানি করেন আইনজীবী খুরশীদ আলম খান। মির্জা আব্বাসের পক্ষে শুনানিতে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী জয়নুল আবেদীন ও আইনজীবী সগীর হোসেন। আইনজীবী খুরশীদ আলম খান প্রথম আলোকে বলেন, দুদকের করা লিভ টু আপিল (আপিলের অনুমতি চেয়ে আবেদন) খারিজ করে দিয়ে আপিল বিভাগ হাইকোর্টে পক্ষদ্বয়কে রুল শুনানি করতে বলেছেন।
সূত্র জানায়, সাংবাদিকদের জন্য মিরপুরে প্লট বরাদ্দে অনিয়মের অভিযোগে তৎকালীন গণপূর্তমন্ত্রী মির্জা আব্বাস, তৎকালীন গণপূর্ত প্রতিমন্ত্রী আলমগীর কবীরসহ পাঁচজনের বিরুদ্ধে ২০১৪ সালের ৬ মার্চ শাহবাগ থানায় মামলাটি করে দুদক। এতে ১৫ কোটি ৫২ লাখ ৫০ হাজার ৯০০ টাকা রাষ্ট্রের আর্থিক ক্ষতির অভিযোগ আনা হয়। এই মামলায় গত ২০ অক্টোবর মির্জা আব্বাসসহ তিনজনের বিরুদ্ধে অভিযোগ গঠন হয়।