আম ও কাঁঠালগাছে 'জায়ান্ট মিলিবাগ' পোকার আক্রমণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নীলফামারীর সৈয়দপুর উপজেলায় কাঁঠাল ও আমগাছে ‘জায়ান্ট মিলিবাগ’ পোকার আক্রমণ দেখা দিয়েছে। ফলে চাষিরা বিপাকে পড়েছেন।
ভুক্তভোগী কয়েকজন চাষি বলেন, উপজেলার পাঁচটি ইউনিয়নসহ পৌর এলাকার বিভিন্ন কাঁঠাল ও আমগাছের শিকড়ের ওপরের অংশ থেকে গা বেয়ে উঠে আঠার মতো লেগে আছে জায়ান্ট মিলিবাগ পোকা। এসব পোকা কাঁঠাল ও আমগাছগুলোর শাখা-প্রশাখার অগ্রভাগের কচি পাতা, কুশি, ডগা, ফলের বোঁটায় দলবদ্ধভাবে বসে চুষে খাচ্ছে অঙ্কুরিত ফলের রস। এতে কাঁঠালের মুচি, আমের মুকুল ও নতুন পাতাগুলো কালো বর্ণ হয়ে ঝরে পড়ছে। এ ছাড়া জায়ান্ট মিলিবাগ বিভিন্ন ফলদ গাছেও দেখা গেছে।
আক্রান্ত গাছসংলগ্ন ঘরের দেয়াল, মেঝে, দরজা, জানালায় এই পোকা দেখা যাচ্ছে। অনেকে অভিযোগ করে বলেন, এই পোকা যে বাড়ির কাঁঠাল ও আমগাছে দেখা যাচ্ছে, সেই বাড়ির লোকজন অ্যালার্জিসহ নানা ধরনের চর্মরোগে আক্রান্ত হচ্ছে। তাই এই পোকা থেকে রেহাই পেতে নানা প্রতিরোধ ব্যবস্থা প্রয়োগ করছেন তাঁরা। এরপরও কোনো লাভ হচ্ছে না বলে তাঁরা জানিয়েছেন।
শহরের রেজা সাইকেল গ্যারেজের মালিক রেজা বলেন, ‘এই পোকাটি দীর্ঘ পাঁচ বছর ধরে আমাদের আমগাছে দেখছি। প্রতিবছর এই মৌসুমে এদের বেশি দেখা যায়। আবার দাবদাহ যত বাড়বে, এর বৃদ্ধি তত বাড়বে। তবে বর্ষা এলে আর এগুলো দেখা যায় না।’
সৈয়দপুর উপজেলার উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা সুনীল কুমার দাস বলেন, ‘এই পোকাটি দমনে ফানেল ট্রেপ ব্যবহার করা যায়। এ ছাড়া ট্রেপ ও গাছের মাঝামাঝি বাকলের মধ্যে ফাঁকা জায়গায় মোম দিয়ে বন্ধ করে কীটনাশক ছিটিয়ে ও আক্রান্ত গাছের গোড়ার মাটি শোধন পদ্ধতির মাধ্যমে এই পোকা প্রতিরোধ করা যায়। আর এই পদ্ধতিগুলো ব্যবহার করতে আমরা নির্দেশনা দিচ্ছি আক্রান্ত গাছের মালিকদের।’
সৈয়দপুর উপজেলা কৃষি কর্মকর্তা হোমায়রা মণ্ডল বলেন, ‘কাঁঠাল ও আমগাছে জায়ান্ট মিলিবাগ পোকার আক্রমণ-সংক্রান্ত অভিযোগ পেলে দ্রুত ব্যবস্থা নেওয়া হচ্ছে। যে গাছে একবার আক্রমণ করে, আবার পরের বছর সেই গাছেই ওঠে। তবে এটি দমন করা সম্ভব। এই পোকা দমনে সবচেয়ে বড় ওষুধ হলো পানি স্প্রে করা।’