আম খাই গান গাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁপাইনবাবগঞ্জকে পর্যটক গন্তব্য হিসেবে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে গত সোমবার ‘আম খাই, গান গাই’ অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ পর্যটন করপোরেশন ও জেলা প্রশাসন। এ উপলক্ষে সকালে জেলা শহরের হরিমোহন উচ্চবিদ্যালয় মাঠে রকমারি আমের মেলা, বেলা ১১টায় আলোচনা সভা এবং বিকেলে শহীদ সাটু হলে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। আম মেলায় আঞ্চলিক উদ্যানতত্ত্ব গবেষণাকেন্দ্র (আম গবেষণাকেন্দ্র), কল্যাণপুর উদ্যান বেস, চাঁপাইনবাবগঞ্জ জেলা ও উপজেলার কৃষি দপ্তর ছাড়াও প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটি, ফ্রেন্ডস ক্লাব, পাবনার চাটমোহর উপজেলার আমচাষি শহীদুল ইসলাম রকমারি আম নিয়ে অংশ নেন। চাঁপাইনবাবগঞ্জের বিখ্যাত জাতগুলোর মধ্যে ল্যাংড়া, ফজলি, খিরসাপাত ছাড়াও বাহারি নামের শতাধিক প্রজাতির আম মেলায় প্রদর্শিত হয়। এগুলোর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে বউ ভুলানী, রানীপছন্দ, মোহনবাঁশি, মিশ্রিকান্ত, কালীভোগ, মোহনভোগ, রাজভোগ, রজনীভোগ, জোরসা, খোসদেল, সিঁন্দুরা, দুধসর, জালিবাঁধা, মাধবীলতা, কুমাপাহাড়ী, চমক, ছেলেখুশি, কাকাখুশ, আরাজান, নীলউদ্দীন, সাটিয়ারক্যাড়া, ভাদুরী, ভাসতারা, লিচুভোগ, কুমারীভোগ, ফুনিয়া মধুচুসকি ভাসতারা, বর্ষাতি, মিষ্টিলতা, পোল্লাদাগি প্রভৃতি। মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ পর্যটন করপোরেশনের চেয়ারম্যান হেমায়েত উদ্দীন। চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক সে এম আলী আজমের সভাপতিত্বে আরও বক্তব্য দেন সদর উপজেলা চেয়ারম্যান রুহুল আমীন, পৌর মেয়র আতাউর রহমান, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, চাঁপাইনবাবগঞ্জের উপপরিচালক শাহজাহান প্রমুখ। সাংস্কৃতিক অনুষ্ঠানে ঢাকার বিশিষ্ট শিল্পী মেহরীন ও বিপ্লব গান গেয়ে শ্রোতাদের মাতান।