কৃত্রিম উপায়ে আম পাকাতে চেয়েছিলেন দুই ব্যবসায়ী। এ উদ্দেশ্যে গাছে ক্ষতিকর রাসায়নিক ছিটানোর সময় গ্রামবাসী তাঁদের আটক করেন। পরে তাঁদের ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হয়। আদালত তাঁদের এক লাখ টাকা জরিমানা, অনাদায়ে তিন মাসের কারাদণ্ডাদেশ দেন।
গতকাল শুক্রবার সকালে নাটোরের বাগাতিপাড়া উপজেলার ব্রজপুর গ্রামে এ ঘটনা ঘটে।
ব্রজপুর গ্রামের কয়েকজন বাসিন্দা জানান, সম্প্রতি একই গ্রামের ব্যবসায়ী আবদুল মতিন ও মিঠুন আলী গ্রামের একটি আমবাগান কিনে নেন। গতকাল সকালে তাঁরা ওই বাগানের আমগাছে ক্ষতিকর রাসায়নিক ক্যালসিয়াম কার্বাইড ছিটাচ্ছিলেন। একপর্যায়ে গ্রামবাসী রাসায়নিকসহ তাঁদের আটক করেন। খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দুজনকে জরিমানা করেন। পরে জরিমানার টাকা পরিশোধ করে তাঁরা ছাড়া পান। তবে রাসায়নিক ছিটানো আম পেড়ে ধ্বংস করা হয়।
ইউএনও খন্দকার ফরহাদ আহম্মদ বলেন, এলাকাবাসীর সচেতনতার কারণে বিষ মেশানো আম খাওয়া থেকে অনেক মানুষ রক্ষা পেয়েছে। ব্যবসায়ীদের দেওয়া দণ্ডের এ খবরে অসৎ ব্যবসায়ীরা সতর্ক হবেন বলে তিনি আশা করেন।
উপজেলা কৃষি কর্মকর্তা বাবুল আক্তার বলেন, ‘সরকার ১৫ মের আগে সব ধরনের আম সংগ্রহ নিষিদ্ধ করেছে। কারণ এ সময়ের আগে আম পাকবে না। স্থানীয় লোকজনের সচেতনতার কারণে ওই দুই ব্যক্তি ধরা পড়েন। আমরাও বিষয়টি পর্যবেক্ষণ করছি।’