আম ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীর বাঘা উপজেলার সৈয়দপুর গ্রামে গত সোমবার রাতে এক আম ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করা হয়েছে। তাঁর নাম ইউনুস আলী (৪৫)। গতকাল মঙ্গলবার সকালে বাড়ির পাশ থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়েছে।নিহত ব্যক্তির পরিবার সূত্রে জানা গেছে, এ বছর ইউনুসের চার-পাঁচটি আমবাগান কেনা রয়েছে। প্রতিদিন রাতের খাবার খেয়ে তিনি আমবাগানগুলো তদারক করতে যান। সোমবার রাত ১০টার দিকে এই উদ্দেশ্যে তিনি বাড়ি থেকে বের হয়ে রাতে আর ফেরেননি। সকালে ইউনুসের স্ত্রী ভানু বেগম ও মা হালিমা খাতুন তাঁকে খুঁজতে বের হন। বাড়ি থেকে প্রায় ৫০০ গজ দূরে তাঁরা ইউনুসের লাশ পড়ে থাকতে দেখেন। তাঁর পেটের বাঁ পাশে কুপিয়ে জখম করা হয়েছে। হাতের কবজি কেটে ফেলা হয়েছে। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আহমেদ হাশমী বলেন, শহীদুল ও আসাদুলের বাগানের টংঘর থেকে রক্তমাখা লাঠি ও হাঁসুয়ার বাঁট পাওয়া গেছে। তাঁরা পালিয়ে গেছেন। তাঁদের বাড়িতেও কেউ নেই। এ ঘটনায় ইউনুসের ভাই হায়দার আলী বাদী হয়ে গতকাল বাঘা থানায় শহীদুল, আসাদুল, রফিকুল, নাজিম ও অজ্ঞাত আরেকজনের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেছেন।