আম-লিচু বিক্রির ক্রেতা নির্বাচনের দরপত্র উধাও!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটোর হর্টিকালচার সেন্টারের ৯৭টি আম ও লিচুগাছের ফল বিক্রির জন্য ক্রেতা নির্বাচনে কৌশলে অনিয়মের অভিযোগ উঠেছে। এতে ওই সেন্টারের কর্মকর্তারা জড়িত বলে দরপত্র দাখিলকারী একজন ভুক্তভোগী অভিযোগ করেছেন।নাটোর হর্টিকালচার সেন্টার সূত্রে জানা গেছে, হর্টিকালচার সেন্টারের ভাতুরিয়া বাগানের ৮৩টি আম ও ১৪টি লিচুগাছের ফল বিক্রির জন্য গত ১৪ ফেব্রুয়ারি দরপত্র আহ্বান করা হয়। ১১২ জন ব্যবসায়ী প্রতিটি ৫০০ টাকা মূল্যে ১১২টি দরপত্র কেনেন। গত মঙ্গলবার ছিল দরপত্র দাখিলের শেষ দিন। বেলা দুইটায় দরপত্রের বাক্স খুলে দেখা যায়, মাত্র সাতটি দরপত্র দাখিল করা হয়েছে। এ সময় তিন যুবক পৃথক তিনটি দরখাস্ত দিয়ে তিনটি দরপত্র প্রত্যাহার করে নেন। বাঁকি চারটি দরপত্রের মধ্যে জনৈক ইকবাল হোসেন সর্বোচ্চ এক লাখ ২৯ হাজার টাকার দরপত্র দাখিল করেন।তবে এ ঘটনায় বিস্ময় প্রকাশ করেন নাটোর সদর উপজেলার কাপুড়িয়াপট্টি মহল্লার ব্যবসায়ী গোবিন্দ দাস। তিনি হর্টিকালচার সেন্টারের নার্সারি তত্ত্বাবধায়কের কাছে লিখিত অভিযোগ করেন যে তিনি কখনোই দরপত্র প্রত্যাহার করেননি। কে বা কারা ষড়যন্ত্র করে তাঁর দাখিল করা এক লাখ ৭০ হাজার টাকার দরপত্র ও ব্যাংক ড্রাফট সরিয়ে নিয়েছে। তিনি পুনরায় দরপত্র বিজ্ঞপ্তি দেওয়ার দাবি করেছেন। গোবিন্দ দাস আরও বলেন, এটা ষড়যন্ত্র। প্রকৃতপক্ষে সরকারদলীয় কিছু যুবক কাজটি হাতিয়ে নেওয়ার জন্য একটি নাটক সাজিয়েছেন। এর সঙ্গে হর্টিকালচার সেন্টারের কর্মকর্তারাও জড়িত।তবে নাটোর হর্টিকালচার সেন্টারের ভাতুরিয়া নার্সারির তত্ত্বাবধায়ক আকবর আলী বলেন, ‘এ ঘটনায় আমাদের কোনো হাত নেই। কিছু যুবক এসে দরখাস্ত দিয়ে দরপত্র প্রত্যাহার করেছেন।’ পরিচয় নিশ্চিত হওয়ার জন্য তাঁদের জাতীয় পরিচয়পত্র যাচাই করেছিলেন কি না জানতে চাইলে তিনি বলেন, ‘এ ব্যাপারে আমি জানতাম না।’